বৈষম্য দূর করে ন্যায্যতার ভিত্তিতে দেশকে এগিয়ে নিতে সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর (এনজিও) কার্যক্রম আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। এ ক্ষেত্রে মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠায় নীতিনির্ধারকদের সম্পৃক্ততা এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদার করার ওপর গুরুত্ব দিয়েছেন তারা।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে এনজিওবিষয়ক ব্যুরোর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ‘সুশীল’ (সাপোর্টিং দ্য ইউনিটি অ্যান্ড সাসটেইনেবিলিটি অব সিভিল সোসাইটি অর্গানাইজেশনস) প্রকল্পের চার বছর মেয়াদি সমাপনী সভায় বক্তারা এসব কথা বলেন।

সেইফটি অ্যান্ড রাইটস সোসাইটি (এসআরএস) এবং অ্যাকশনএইড বাংলাদেশের যৌথ উদযোগে আয়োজিত এই সমাপনী সভায় প্রধান অতিথি ছিলেন এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক (সচিব) ড. মোহাম্মদ জকরিয়া।

প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ জকরিয়া বলেন, “মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠায় বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর ভূমিকা অনস্বীকার্য। মানবাধিকার প্রতিষ্ঠা ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে সুশীল প্রকল্পের মাধ্যমে যে সমন্বয় ও সহযোগিতার পরিবেশ তৈরি হয়েছে, তা আগামী দিনেও অব্যাহত থাকবে। এই অর্জিত উদ্যোগগুলো কার্যকরভাবে সামনে এগিয়ে নিলে দেশের জনগণ দীর্ঘমেয়াদে উপকৃত হবে।”

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসআরএসের নির্বাহী পরিচালক মো. সেকেন্দার আলী মিনা। সুশীল প্রকল্পের বিগত চার বছরের কার্যক্রম, সাফল্য, অভিজ্ঞতা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন এসআরএসের জেলা সমন্বয়কারী নাসরিন মাহমুদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. হালিদা হানুম আখতার, দৈনিক কালের কণ্ঠের যুগ্ম বার্তা সম্পাদক পার্থ সারথি দাস এবং মহিলাবিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার নাসিমা খাতুন।

এছাড়া মুক্ত আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় পর্বে ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিসের অপারেশন ম্যানেজার নিলুফা সুলতানা শ্বেতা, সাভার উপজেলা সমাজসেবা কর্মকর্তা কে এম শহীদুজ্জামান এবং প্রকল্পের ফিল্ড পর্যায়ের কর্মীরা বক্তব্য রাখেন। তারা প্রকল্পের মাধ্যমে প্রাপ্ত সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি, নীতি সংলাপ ও সম্মিলিত উদ্যোগে কাজ করার সুফলগুলো তুলে ধরেন।

ঢাকা সিভিল সোসাইটি হাবের সভাপতি মো. আবদুল ওয়াহেদের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে অ্যাকশনএইড বাংলাদেশ ও এসআরএস ছাড়াও ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার ১৫টি স্থানীয় নাগরিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।