যশোর সদর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে শেখ আবু তালেব (৬০) নামে বিএনপির এক নেতাকে ধারালো হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার কচুয়া ইউনিয়নের মুনসেফপুর গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিমপাড়া বড় মসজিদের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত শেখ আবু তালেব মুনসেফপুর গ্রামের বাসিন্দা। তিনি কচুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ছিলেন। বর্তমানে তিনি ওই ওয়ার্ড বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের মৃত আব্দুল আজিজ শেখের ছেলে শফিয়ার শেখের সঙ্গে আবু তালেবের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে বুধবার দুপুরে পশ্চিমপাড়া বড় মসজিদের সামনে শফিয়ার শেখ ধারালো হাঁসুয়া দিয়ে আবু তালেবকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যান অভিযুক্ত শফিয়ার।

স্থানীয়রা জানান, প্রায় ১৫ বছর আগে আবু তালেবের পরিবার শফিয়ার শেখের জমির পাশের একটি জমি কেনে। ওই জমিটি শফিয়ার শেখও কেনার চেষ্টা করেছিলেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সম্পর্কের দিক থেকে তারা দূরসম্পর্কের মামাতো-ফুফাতো ভাই।

ঘটনার পর স্বজনরা গুরুতর আহত অবস্থায় আবু তালেবকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় আবু তালেবকে হাসপাতালে আনা হয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। বর্তমানে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

হাসপাতালে কর্তব্যরত সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুস সালাম জানান, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ ঘটনায় এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে।