রাজধানীর খিলগাঁও থানার ভেতরে এবং পল্লবী এলাকায় পৃথক দুটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বুধবার (১১ নভেম্বর) রাতে ঘটা এসব বিস্ফোরণে কেউ হতাহত না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা খিলগাঁও থানার মূল ফটকের বাইরে থেকে ভেতরে দুটি ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। ককটেল দুটি থানার ভেতরে নারী ও শিশু হেল্পডেস্ক কক্ষের সামনের একটি আমগাছের নিচে পড়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়। খিলগাঁও থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. ফখরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিস্ফোরণে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

অন্যদিকে, একই দিন রাত সোয়া ১১টার দিকে রাজধানীর পল্লবী থানাধীন সেকশন-১১, এভিনিউ-৫ এলাকার নাভানা টাওয়ারের পাশে তালতলা মোড়ে একটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

পল্লবী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।