জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে।

গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার ডাংমড়কা এলাকার বাগোয়ান গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নুসরাত তাবাসসুম নিজেই বিষয়টি সামনে আনেন। পোস্টে তিনি লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।’

এদিকে, এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে ঘটনার একটি ভিডিও শেয়ার করে দাবি করেন, আওয়ামী সন্ত্রাসীরা সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এনসিপির কুষ্টিয়া জেলা সদস্য সচিব সুলতান মারুফ তালহা। তিনি বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের একজন সম্মুখসারির যোদ্ধা ও সংসদ সদস্যের বাড়িতে এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। জনমনে আতঙ্ক ছড়াতেই নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে। একজন এমপির বাড়িই যদি নিরাপদ না থাকে, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?’ অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

ঘটনার বিষয়ে জানতে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। ফলে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।