সৌদি আরবের হাইলে মাদক চোরাচালানের অভিযোগে পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মহাপরিদপ্তর। এ সময় তাঁদের কাছ থেকে অত্যন্ত শক্তিশালী ও বিপজ্জনক মাদক মেথামফেটামিন জব্দ করা হয়, যা স্থানীয়ভাবে ‘সাবু’ এবং বিশ্বব্যাপী ‘আইস’ নামে পরিচিত।

বুধবার (১১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে দেশটির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মহাপরিদপ্তর।

গ্রেপ্তারকৃত ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। তবে সৌদি কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে প্রাথমিক আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে এবং তাঁদের দ্রুত বিচারের মুখোমুখি করা হবে। এছাড়া, মাদক চোরাচালান বা এ সংক্রান্ত অপরাধের তথ্য পেলে তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য দেশের সব বাসিন্দার প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। তথ্য প্রদানকারীদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও জানানো হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, মেথামফেটামিন বা আইস অত্যন্ত শক্তিশালী একটি সিন্থেটিক মাদক, যা মানুষের মস্তিষ্কে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে এবং অল্প কিছুদিন ব্যবহারেই এর প্রতি তীব্র আসক্তি তৈরি হয়।

সৌদি আরব মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ বা শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করে থাকে। দেশটিতে মাদক পাচার বা চোরাচালানের অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড কিংবা অপরাধের মাত্রা অনুযায়ী দীর্ঘ মেয়াদের কারাদণ্ডের বিধান রয়েছে।