দীপাবলির অনুষ্ঠানে রাজকীয় সাজে হাজির হয়ে প্রশংসা কুড়ানোর পাশাপাশি নতুন এক বিতর্কের মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। তার গলায় থাকা একটি সবুজ পান্নার হার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তি তুলেছেন নেটিজেনদের একাংশ। তাদের দাবি, হারটির পান্নায় ইসলাম ধর্মের পবিত্র ‘আয়াতুল কুরসি’ খোদাই করা রয়েছে। ধর্মীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আয়াতকে অলংকার হিসেবে ব্যবহার করার বিষয়টি নিয়েই সমালোচনার সূত্রপাত হয়েছে।
দীপাবলির ওই আয়োজনে ফ্যাশন ডিজাইনার পুনীত বালানার নকশা করা নিউড-বেইজ রঙের একটি কাফতান পরেছিলেন কারিনা। পোশাকের সঙ্গে মাথায় ছিল পাগড়ি, যাতে যুক্ত ছিল প্রায় ২০০ বছরের পুরোনো একটি ঐতিহাসিক কলগি। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই কলগিটি পতৌদি পরিবারের বংশপরম্পরায় পাওয়া সম্পদ। অভিনেত্রীর এই আভিজাত্যপূর্ণ সাজ দেখে ভক্তদের পাশাপাশি বলিউডের একাধিক তারকাও মুগ্ধতা প্রকাশ করেছিলেন।
তবে সাজের সব অনুষঙ্গ ছাপিয়ে আলোচনার কেন্দ্রে চলে আসে তার গলার প্রায় ৩০ ক্যারেটের পান্নার হারটি। নেটিজেনদের একাংশের দাবি, পাথরটির গায়ে আরবি হরফে ‘আয়াতুল কুরসি’ খোদাই করা আছে। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে বিশেষ মর্যাদাপূর্ণ এই আয়াতকে গয়না হিসেবে পরিধান করা অনুচিত বলে মনে করছেন তারা। অবশ্য এই বিতর্ক নিয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি কারিনা কাপুর খান।
এদিকে, কাজের ক্ষেত্রে শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত ‘কিং’ সিনেমায় বিশেষ একটি চরিত্রে কারিনাকে দেখা যেতে পারে বলে গুঞ্জন রয়েছে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমায় দীপিকা পাড়ুকোন, রানি মুখোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাঘব জুয়ালসহ একঝাঁক তারকার অভিনয়ের কথা শোনা যাচ্ছে। তবে মুখ্য চরিত্রে কারিনার পরবর্তী সিনেমা নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।