নেত্রকোণার কেন্দুয়ায় গভীর রাতে সড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং জনমনে আতঙ্ক ছড়ানোর অভিযোগে ৫৭ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সদস্যের  নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ। এ মামলায় অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। ইতোমধ্যে মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মোশারফ হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পুলিশের দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার রোয়াইলবাড়ী ইউনিয়নের রোয়াইলবাড়ী-বসুরবাজার সড়কের তাঁতিবাজার ব্রিজসংলগ্ন পশ্চিম পাশে একদল লোক জড়ো হয়। এ সময় তারা সড়কের ওপর টায়ার জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয় বলে অভিযোগ করা হয়েছে। এজাহারে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মীর তৎপরতার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় পুলিশ সদস্যরা তাদের আটক করার চেষ্টা করলে অভিযুক্তরা দৌড়ে পালিয়ে যায়। 

পরে স্থানীয় লোকজনের জিজ্ঞাসাবাদে তাদের নাম-পরিচয় জানা যায় বলে এজাহারে দাবি করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা পরস্পর যোগসাজশে বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করা, জননিরাপত্তা বিঘ্নিত করা এবং সম্পদের ক্ষতিসাধনের উদ্দেশ্যে এসব কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

 এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৬(২)-এর (ই), ৬(১)-এর (ই), ১০, ১১, ১২ ও ১৩ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা শওকত আলী মাহমুদ জানান, এজাহারভুক্ত আসামিদের মধ্যে মো. আব্দুর রশিদ (৫৫) ও মো. নজরুল ইসলাম (৫০) নামে দুজনকে তাঁদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে। 

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, মামলার পলাতক অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।