রাজধানীর উত্তরা হাই স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার ও নান্দনিক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে নতুন ক্যাফেটেরিয়া ‘এসকে ক্যাফে’ (sk Cafe)-এর শুভ উদ্বোধন করা হয়েছে।

প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি জনাব আব্দুর রব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই ক্যাফেটির উদ্বোধন করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা হাই স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব ফরিদুর রহমান এবং গভর্নিং বডির সদস্য জনাব তহিদুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নবপ্রতিষ্ঠিত এসকে ক্যাফের প্রোপাইটার সালমা আক্তার ও আবুল কাশেমসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি আব্দুর রব বলেন, "শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি মানসম্মত ও স্বাস্থ্যসম্মত খাবারের প্রয়োজন রয়েছে। এসকে ক্যাফে সেই চাহিদা পূরণে একটি চমৎকার উদ্যোগ।" ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদুর রহমান আশা প্রকাশ করেন যে, এই ক্যাফেটেরিয়াটি স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য একটি আরামদায়ক ও নিরাপদ পরিবেশ তৈরি করবে।

অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ ক্যাফেটেরিয়ার বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং এর সার্বিক সফলতা কামনা করেন। দোয়া ও মোনাজাতের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।