দ্বীপজেলা ভোলার ঐতিহ্যবাহী ইসলামিক শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া মোহাম্মদিয়া দারুস সুন্নাহ চরপাতা বড় মাদরাসার ৭০ বছর পূর্তি উপলক্ষ্যে এক বর্ণাঢ্য দস্তারবন্দী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের প্রখ্যাত ওলামায়ে কেরামের উপস্থিতিতে মাদরাসাটির প্রায় ৯০০ জন সাবেক ছাত্রকে ‘সম্মাননা পাগড়ি’ প্রদান করা হয়।
রোববার (১৫ নভেম্বর) দৌলতখান উপজেলায় কাজিরহাটের চৌধুরী মিয়ার হাটসংলগ্ন মাদরাসা প্রাঙ্গণে সকাল ১০টা থেকে শুরু হওয়া এই মহাসম্মেলন চলে দিবাগত রাত পর্যন্ত। দ্বীনি শিক্ষা ও ইসলামি ঐতিহ্য প্রচারের এই আয়োজনে স্থানীয় আলেম-ওলামা ছাড়াও হাজার হাজার ধর্মপ্রাণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।
মহাসম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল মাদরাসাটির আলেম, ফাজেল, আবনা ও হাফেজ বিভাগের প্রায় ৯০০ জন প্রাক্তন ছাত্রকে সম্মাননা পাগড়ি প্রদান। দীর্ঘদিনের দ্বীনি সাধনা ও শিক্ষার স্বীকৃতির প্রতীক হিসেবে পাগড়ি গ্রহণের সময় সাবেক শিক্ষার্থী ও তাদের স্বজনদের মাঝে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানটি পরিচালনার জন্য আয়োজকদের পক্ষ থেকে দিনব্যাপী ৩টি ধাপে (সকাল, দুপুর ও রাত) কর্মসূচি পরিচালনা করা হয়। পাশাপাশি মুসল্লিদের নিরাপত্তা, জরুরি স্বাস্থ্যসেবা ও ইবাদতের জন্য বিশেষ ক্যাম্প ও ব্যবস্থার আয়োজন করা হয়েছিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসার মহাপরিচালক আল্লামা খলীল আহমদ কুরাইশী কাসেমী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের শায়েস্তাগঞ্জের মাদরাসায়ে নূরে মদিনার প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী, নারায়ণগঞ্জের রূপগঞ্জের জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা শায়েখ হাসান জামিল, ঢাকার জামিয়া তালিমিয়া মাদরাসার মহাপরিচালক মাওলানা হাফিজুর রহমান (কুয়াকাটা), যাত্রাবাড়ীর জামিয়া মাহমুদিয়া মাদরাসার মুফতি ও মুহাদ্দিস রেজাউল করিম আবরার এবং ঢাকার বসুন্ধারা এ কে ব্লক মাদরাসার ভারপ্রাপ্ত পরিচালক মাওলানা নজরুল ইসলাম।
মাদরাসাটির মহাপরিচালক মাওলানা মো. ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আল্লামা খলীল আহমদ কুরাইশী দ্বীনি শিক্ষার প্রসার এবং কোরআন-সুন্নাহর আলোকে জীবন পরিচালনার মাধ্যমে আদর্শ সমাজ গঠনের আহ্বান জানান। অন্যদিকে আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী ও মুফতি রেজাউল করিম আবরারসহ অন্যান্য অতিথিরা আদর্শ আলেম তৈরি এবং নতুন প্রজন্মকে ইসলামি আদর্শে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
মাদরাসা থেকে বহু আগে পড়াশোনা শেষ করা প্রাক্তন ছাত্র হাফেজ মো. জোবায়ের, ইসমাইল ও সাঈদ আবেগাপ্লুত হয়ে জানান, ওস্তাদদের হাত থেকে এই সম্মাননা পাগড়ি গ্রহণ তাদের জীবনের অন্যতম সেরা স্মৃতি এবং এটি তাদের জন্য অত্যন্ত গৌরবের বিষয়।