সরকারি অর্থের যত্রতত্র ব্যবহার ও অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগে সাভার, খুলনা ও ঝিনাইদহের তিনটি সরকারি প্রতিষ্ঠানে একযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (১৫ নভেম্বর) পরিচালিত এসব এনফোর্সমেন্ট অভিযানে নথিপত্র সংগ্রহের পাশাপাশি বিভিন্ন দুর্নীতির প্রাথমিক সত্যতা ও প্রমাণ মিলেছে।
দুদক সূত্রে জানা গেছে, সাভার উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম, কমিশন বাণিজ্য, দরপত্র ও পিআইসি প্রক্রিয়ায় জটিলতা এবং কাজ না করেই সরকারি বিল উত্তোলনের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ ছিল। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে দুদকের ঢাকা-২ সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল সাভার উপজেলা এলজিইডি কার্যালয়ে অভিযান পরিচালনা করে। এ সময় তারা সড়ক উন্নয়নকাজের দরপত্র, কার্যাদেশ ও কাজের অগ্রগতি প্রতিবেদনসহ গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র সংগ্রহ করেন। এসব নথি পর্যালোচনার পর কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।
অন্যদিকে, খুলনা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয়ের ‘লাইস’ প্রকল্পের প্রশিক্ষণ বরাদ্দের অর্থ আত্মসাতের অভিযোগের ভিত্তিতে অভিযান চালায় দুদক। খুলনার একটি দল কলেজ থেকে প্রকল্পের পরিপত্র, বাজেট বরাদ্দ, ব্যয়ের বিবরণী ও প্রশিক্ষকদের সম্মানী প্রদানের নথি সংগ্রহ করে। দুদকের প্রাথমিক পর্যালোচনায় দেখা যায়, প্রশিক্ষণের বিভিন্ন মালামাল ক্রয়ের ক্ষেত্রে দোকান থেকে ফাঁকা ভাউচার এনে তা নিজেদের মতো পূরণ করে বিল তৈরি করা হয়েছে। এছাড়া অতিথি বক্তা ও প্রশিক্ষকদের সম্মানী প্রদানেও অনিয়মের প্রাথমিক প্রমাণ মিলেছে।
এদিকে, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা প্রদানে অনিয়ম, রোগীদের নিম্নমানের খাবার সরবরাহ, সরকারি অর্থ আত্মসাৎ, প্রয়োজনীয় চিকিৎসা যন্ত্রপাতি অকেজো রাখা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদের অভিযোগে অভিযান চালায় দুদকের একটি টিম। প্রথমে ছদ্মবেশে ও পরে সরাসরি হাসপাতালে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে দলটি। এ সময় রোগীদের জন্য সরবরাহ করা খাবারের মান অত্যন্ত নিম্নমানের হওয়া এবং হাসপাতালে ওষুধের অপ্রতুলতাসহ বিভিন্ন অনিয়ম তাদের নজরে আসে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ও সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় তথ্য ও রেকর্ডপত্র সংগ্রহ করা হয়।