ব্যক্তিগত ও সরকারি মুঠোফোনে পাওয়া দুটি বার্তাকে কেন্দ্র করে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার হয়েছেন চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) ডেপুটি কমান্ড্যান্ট পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
গ্রেপ্তারের পর রোববার (১৫ নভেম্বর) বিকেলে তাকে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করলে বিচারক মোহাম্মদ মোস্তফা চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। একইসঙ্গে আগামী এক সপ্তাহের মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৮ নভেম্বর রাত ৯টা ২৩ মিনিটে জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত মুঠোফোন নম্বর থেকে হোয়াটসঅ্যাপে জনৈক ব্যক্তিকে পাঠানো একটি বার্তায় লেখা ছিল, ‘ইনশাআল্লাহ বাংলাদেশ উইল বি রিস্টোর্ড টু প্রিভিয়াস স্টেট ইন ডিসেম্বর’। অর্থাৎ ডিসেম্বরে বাংলাদেশকে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি। একই দিন রাত ৯টা ৫৭ মিনিটে পাঠানো অপর এক বার্তায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে যাওয়ার কথা উল্লেখ করে ডিসেম্বরের কর্মসূচি নিয়ে ‘জীবন-মরণ বাজি’ এবং জনগণ মৌমাছির মতো মাঠে নামবে বলে মন্তব্য করেন তিনি। এ ছাড়া ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বাবার নির্দেশে ছোটবেলায় রাজপথে নামার স্মৃতিও সেই বার্তায় তুলে ধরেন।
অভিযোগের প্রাথমিক তথ্য পাওয়ার পর গত ১০ নভেম্বর জাহাঙ্গীর আলমকে নিজ কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আবদুল কুদ্দুছ চৌধুরী। ওই দিনই তার ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মুঠোফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়। ফরেনসিক ও প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে গত ১৪ নভেম্বর রাতে পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহের মামলা করেন আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আবুল কাসেম চৌধুরী। মামলা দায়েরের পরপরই শনিবার রাতে নগরের পুলিশ অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)।
মামলার এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, এসপি জাহাঙ্গীর আলম টেলিগ্রাম গ্রুপ ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিদেশে অবস্থানরত পলাতক আওয়ামী লীগ নেতা ও তাদের মদতদাতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন। তাদের মদদে বর্তমান রাষ্ট্রব্যবস্থাকে উৎখাত করে পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে নেওয়ার লক্ষ্যে অন্তর্ঘাতমূলক ষড়যন্ত্রের নীলনকশা প্রণয়ন ও বাস্তবায়নে তিনি সহায়তা করছিলেন।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, তদন্তে জব্দ করা মুঠোফোন দুটির ডিজিটাল তথ্যকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। কার কাছে বার্তাগুলো পাঠানো হয়েছিল, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপের গ্রুপগুলোতে কারা যুক্ত ছিলেন, কোনো সংবেদনশীল তথ্য আদান-প্রদান হয়েছে কি না এবং ডিসেম্বরের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, বার্তাগুলোতে রাষ্ট্রদ্রোহ ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে উসকানির উপাদান রয়েছে বলে প্রাথমিক অনুসন্ধানে প্রতীয়মান হয়েছে। ফৌজদারি মামলার পাশাপাশি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার উদ্যোগও নেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রাথমিক তদন্ত প্রতিবেদন পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে এবং তাকে সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।