সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং তার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়া সম্পর্কিত বিষয়ে সরকারের বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের বক্তব্যে পরস্পরবিরোধিতা ও অসংগতি রয়েছে বলে অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে ৭১ বিধিতে দেওয়া নোটিশের ওপর বক্তব্য রাখতে গিয়ে তিনি এই অভিযোগ করেন।

সংসদে সরকারের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্য তুলে ধরে রুমিন ফারহানা বলেন, একদিকে একজন উপদেষ্টা শেখ হাসিনার দেশে ফেরার পথে বাধা না দেওয়ার কথা বলছেন এবং তার পাসপোর্টের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে মত দিচ্ছেন। অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাকে কোনো ধরনের পাসপোর্ট বা ট্রাভেল পাস না দেওয়ার কথা জানিয়েছেন। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে পাসপোর্ট ও এনআইডির আবেদনের সত্যতা এখনো যাচাই করা হয়নি। সরকারের এমন ভিন্নমুখী ও পরস্পরবিরোধী বক্তব্যের কারণেই বিষয়টি নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

বক্তব্যে রুমিন ফারহানা বাংলা সাহিত্যের বিখ্যাত উক্তির প্রসঙ্গ টেনে বলেন, ‘কাদম্বরী মরিয়া প্রমাণ করিয়াছিলেন যে তিনি মরেন নাই’—ঠিক তেমনিভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সশরীরে দেশে উপস্থিত না থেকেও বিভিন্ন মাধ্যমে নিজের উপস্থিতি জানান দিচ্ছেন। সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জের ঘটনাকে এর সর্বশেষ উদাহরণ হিসেবে উল্লেখ করেন তিনি।

বিভিন্ন নেতার বক্তব্যের বিশদ তুলে ধরে তিনি জানান, তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ড. জায়েদ উর রহমান গত ৯ নভেম্বর বলেছেন যে শেখ হাসিনা নিজে ফিরুক কিংবা তাকে ফিরিয়ে আনা হোক, সরকার তার দেশে ফেরা ঠেকাতে চায় না। মৃত্যুদণ্ডে দণ্ডিত হলেও তিনি এখনো দেশের নাগরিক উল্লেখ করে তার পাসপোর্টের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান তিনি।

অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির গত ৯ নভেম্বর দেওয়া বক্তব্যে স্পষ্ট করেন যে কোনো সন্ত্রাসীকে বাংলাদেশ পাসপোর্ট দেবে না এবং শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া হবে না। নতুন পাসপোর্ট বা এনআইডি দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই। তবে অন্য একটি বক্তব্যে তাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফিরিয়ে আনার কথাও বলা হয়েছে।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী পাসপোর্ট ও এনআইডির আবেদনের বিষয়ে জানান যে আবেদনটির সত্যতা এখনো যাচাই করা হয়নি। আবেদনের আইনগত ভিত্তি পর্যালোচনা করে পররাষ্ট্র বা আইন মন্ত্রণালয় পরবর্তী পদক্ষেপ নেবে। এছাড়া প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারতের কাছে চিঠি পাঠানোর কথাও তিনি উল্লেখ করেন।

অন্যদিকে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান ৮ ও ১৪ নভেম্বরের বক্তব্যে জানান, সরকার নির্দিষ্ট আইনি প্রক্রিয়ার মাধ্যমেই এগোচ্ছে এবং শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। এখন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার ভারতের ওপর ন্যস্ত। এছাড়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে শেখ হাসিনার আপিলের কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

রুমিন ফারহানা বলেন, সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের এই অসংগতিপূর্ণ ও ভিন্নধর্মী বক্তব্যে জনমনে বিভ্রান্তি তৈরি হচ্ছে। যেখানে উপদেষ্টা পাসপোর্টের নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা বলছেন, সেখানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবেদনটিকে হাস্যকর বলে উড়িয়ে দিচ্ছেন এবং সরাসরি পাসপোর্ট না দেওয়ার ঘোষণা দিচ্ছেন, যা সরকারের সমন্বিত অবস্থানের ঘাটতি স্পষ্ট করে।