প্রযুক্তির দ্রুত উৎকর্ষ সাধন হলেও পর্যাপ্ত সাইবার নিরাপত্তা ও কার্যকর আইনি কাঠামোর অভাবে দেশের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব চরম হুমকির মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের কাউন্সিল হলে ‘প্রযুক্তি বিপ্লবে জাতীয় সুরক্ষা: সাইবার নিরাপত্তায় বাংলাদেশের প্রস্তুতি ও করণীয়’ শীর্ষক এক সেমিনারে তিনি এই মন্তব্য করেন। জাতীয়তাবাদী আইসিটি ফোরাম (এনআইসিটিএফ) এই সেমিনারের আয়োজন করে।
সেমিনারে রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, দেশের নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে চলে যাচ্ছে। তার মতে, এটি কেবল ব্যক্তিগত তথ্যের ফাঁস নয়, বরং দেশের প্রতিরক্ষা ব্যবস্থা ও স্বাধীনতার ওপর এক ভয়াবহ আঘাত। তিনি বলেন, দেশে উপযুক্ত সাইবার আইন ও প্রযুক্তির সঠিক ব্যবস্থাপনা থাকলে নাগরিকদের ব্যক্তিগত তথ্য এভাবে অন্য দেশে চলে যেতে পারত না।
দেশের মেধাবী তরুণ ও প্রবাসে কর্মরত দক্ষ বাংলাদেশি প্রযুক্তিবিদদের কাজে লাগানোর আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, রাষ্ট্রের দায়িত্ব হলো এই মেধাবীদের সম্পৃক্ত করে দেশের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা। তা না হলে অন্য দেশ বাংলাদেশের সব তথ্য পেয়ে নিজেদের মতো করে কলাকৌশল ও পলিসি প্রয়োগের সুযোগ পাবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
প্রযুক্তির অপব্যবহার ও ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ জানিয়ে রুহুল কবির রিজভী আরও বলেন, বর্তমানে মানুষের ব্যক্তিগত ফোনালাপ পর্যন্ত ফাঁস হয়ে যাচ্ছে, যা সরাসরি মানবাধিকারের লঙ্ঘন। প্রযুক্তির উৎকর্ষের সঙ্গে নৈতিকতার মেলবন্ধন ঘটানোর আহ্বান জানিয়ে তিনি মেরি শেলির ‘ফ্রাঙ্কেনস্টাইন’ উপন্যাসের উদাহরণ টেনে বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি যখন মানুষের নৈতিকতা ও নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন তা সমাজ ও রাষ্ট্রের জন্য বিপর্যয় ডেকে আনে। তাই সাইবার বুলিং ও সাইবার যুদ্ধ মোকাবিলায় কঠোর রেগুলেশন ও আইন প্রণয়ন জরুরি। সেমিনারে উঠে আসা সুপারিশগুলো সারসংক্ষেপ আকারে নীতিনির্ধারকদের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানো উচিত বলেও তিনি মন্তব্য করেন।
জাতীয়তাবাদী আইসিটি ফোরামের সভাপতি প্রকৌশলী রাফেল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (অ্যাব) আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি এ কে এম ওয়াহিদুজ্জামান। এ ছাড়া জাতীয়তাবাদী আইসিটি ফোরামের উপদেষ্টা মারুফ মল্লিক, সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. মামুন অর রশিদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহিদুর রহমান ও ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ দেশের বিশিষ্ট প্রযুক্তিবিদ, প্রকৌশলী ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা অনুষ্ঠানে অংশ নেন।