১১ দলীয় ঐক্যের চলমান কর্মসূচির অংশ হিসেবে আগামী ২১ নভেম্বর নির্ধারিত সিলেট অভিমুখে লংমার্চ স্থগিত ঘোষণা করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এই ঘোষণা দেন জোটের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

লংমার্চ স্থগিতের কারণ ব্যাখ্যা করে ড. হামিদুর রহমান আযাদ জানান, কর্মসূচিটি প্রথমে সড়কপথে আয়োজনের পরিকল্পনা থাকলেও সড়কের বেহাল অবস্থার কারণে বিকল্প হিসেবে ট্রেনযোগে তা বাস্তবায়নের বিষয়টি বিবেচনা করা হয়েছিল। কিন্তু রেলপথের সংযোগ, ট্রেনের সময়সূচি, পথে বিভিন্ন স্থানে বক্তব্য দেওয়ার জন্য ট্রেন থামানোর প্রয়োজনীয়তা এবং একক রেললাইনের সীমাবদ্ধতা পর্যালোচনায় দেখা গেছে যে, এতে অংশগ্রহণকারী ও সাধারণ যাত্রীদের ব্যাপক দুর্ভোগ হতে পারে। সার্বিক জনদুর্ভোগ ও কারিগরি জটিলতার কথা বিবেচনায় নিয়েই আপাতত কর্মসূচিটি স্থগিত করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তবে লংমার্চ স্থগিত হলেও সাত দফা দাবি আদায়ের আন্দোলন থেকে ১১ দলীয় ঐক্য পিছপা হবে না বলে জানান তিনি।

সংবাদ ব্রিফিংয়ে ড. আযাদ দাবি করেন, গত ৬ আগস্ট ঘোষিত চারটি লংমার্চ কর্মসূচির মধ্যে ইতিমধ্যে তিনটি কর্মসূচি ব্যাপক জনঅংশগ্রহণের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে, যা সরকারের প্রতি জনমনে সৃষ্ট অসন্তোষের বহিঃপ্রকাশ। সরকারের সমালোচনা করে তিনি বলেন, গণভোটে জনগণ যে রায় দিয়েছে তা বাস্তবায়ন এবং সংস্কার পরিষদ গঠনে সরকার কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে। বরং অন্তর্বর্তী সরকারের আমলে গৃহীত সংস্কার উদ্যোগগুলো বাতিল করে সরকার সংস্কারের অঙ্গীকার থেকে সরে এসেছে বলে তিনি অভিযোগ করেন।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে জামায়াতের এই নেতা বলেন, দেশে বোমা হামলা, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটলেও সরকার তা দমনে দৃশ্যমান ভূমিকা রাখতে পারছে না। এ বিষয়ে সরকারকে জাতীয় সংসদে সুস্পষ্ট বক্তব্য দেওয়ার পাশাপাশি দল-মত নির্বিশেষে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

জাতীয় ঐক্যের প্রসঙ্গে ড. আযাদ বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, সংস্কার পরিষদ গঠন, জুলাই গণহত্যার বিচার, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গণতন্ত্রের বিকাশকে মৌলিক ভিত্তি হিসেবে গ্রহণ করলে ১১ দলীয় ঐক্য জাতীয় ঐক্যের আহ্বানে ইতিবাচক সাড়া দিতে প্রস্তুত। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও জানান, ১১ দলীয় ঐক্যের মধ্যে কোনো ভাঙন বা বিভেদ নেই এবং তাদের ঐক্য অটুট রয়েছে।

জরুরি এই সভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, লিবারেল ডেমোক্রেটিক পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব মো. বিল্লাল হোসেন মিয়াজী, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, জাগপার সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, বাংলাদেশ লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা এবং বিডিপির সাধারণ সম্পাদক নিজামুল হক নাঈমসহ জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।