রাজধানীর তুরাগ থানা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বর্তমান যুগ্ম আহ্বায়ক ও সাবেক শ্রমিক লীগ নেতা মো. সোলেমান ওসমানকে (৪১) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার (১৬ নভেম্বর) দুপুর ২টা ৫০ মিনিটের দিকে দিয়াবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) মুহাইমিনুল ইসলাম লিমনের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে সোলেমান ওসমানকে আটক করে। গ্রেপ্তার ব্যক্তি তুরাগ থানা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে তুরাগ থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন।
পুলিশের দাবি, সোলেমান ওসমান তুরাগ থানাসহ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সরকারবিরোধী স্লোগান, ঝটিকা মিছিল এবং নানা ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত। তদন্তে তার বিরুদ্ধে এসব অভিযোগের সুনির্দিষ্ট সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে।
এছাড়া পুলিশের অপরাধ তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি (সিডিএমএস) পর্যালোচনা করে দেখা গেছে, তার বিরুদ্ধে তুরাগ থানাসহ রাজধানীর বিভিন্ন থানায় মোট পাঁচটি মামলা রয়েছে। এর পাশাপাশি ২০২৪ সালে মতিঝিল থানাসহ বিভিন্ন এলাকায় চেক প্রত্যাখ্যানের অভিযোগে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের ১৩৮ ধারায় দায়ের করা আরও চারটি মামলায় তিনি অভিযুক্ত।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।