জাতীয় সংসদে অবস্থানকালেই মোবাইল ফোনে হত্যা ও ধর্ষণের হুমকি পাওয়ার অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা আলম মিতু।
আজ সোমবার (১৬ নভেম্বর) দুপুরে এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।
মাহমুদা মিতু জানান, গত আট থেকে ১০ দিন ধরে তিনি বিভিন্ন ধরনের হুমকি পাচ্ছেন, যা সম্প্রতি চরম পর্যায়ে পৌঁছেছে। দেশে ককটেল হামলা ও নানা বিশৃঙ্খলা শুরুর পর থেকেই এই হুমকির মাত্রা বেড়েছে বলে দাবি করেন তিনি। তিনি বলেন, শুরুতে বিষয়টি তেমন আমলে নেননি। তবে গত দুই দিন ধরে সংসদে প্রতিদিন সন্ধ্যার বিরতির সময় একটি সংঘবদ্ধ চক্র বিকৃত ভাষায় তাকে হত্যা ও ধর্ষণের হুমকি দিচ্ছে।
ঘটনাটিকে বিচ্ছিন্ন হিসেবে দেখতে নারাজ এই সংসদ সদস্য। তার মতে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে। এর জের ধরে জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ব্যক্তিরাও এখন হুমকির মুখে পড়ছেন। নিজের পাশাপাশি পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে জুলাই আন্দোলনে অংশ নেওয়া নারীরাও বিভিন্নভাবে হুমকি ও হয়রানির শিকার হচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, একজন সংসদ সদস্যকে নিরাপত্তার জন্য থানায় এসে জিডি করতে হচ্ছে—এটি অত্যন্ত লজ্জাজনক।
হুমকির ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি কূটনৈতিক ব্যর্থতাও রয়েছে বলে মনে করেন মাহমুদা মিতু। তার দাবি, ভারত থেকে উসকানি দিয়ে বাংলাদেশের ভূখণ্ডে অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে এবং এ বিষয়ে তার কাছে কিছু নথি ও ফোনকলের স্ক্রিনশট রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি ভারতীয় হাইকমিশনারকে তলব করে ব্যাখ্যা চাওয়ার আহ্বান জানান। ভারতের মাটি ব্যবহার করে দেশের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টির বিষয়ে সরকারকে জবাব চাইতে হবে এবং কূটনৈতিকভাবে বিষয়টি কীভাবে মোকাবিলা করা হবে, সে বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করার দাবি জানান তিনি। পাশাপাশি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচারপ্রক্রিয়া শুরু করারও দাবি তোলেন এই সংসদ সদস্য।
নিজের জন্মস্থান ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় স্বেচ্ছাসেবক লীগের দুটি কমিটি ঘোষণার প্রসঙ্গ টেনে মাহমুদা মিতু বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে এসব কার্যক্রম সম্ভব হয়নি বলে জানানো হয়েছিল। অথচ নির্বাচিত সরকারের সময় এমন ঘটনা ঘটছে, যা লজ্জাজনক এবং দেশের সাধারণ মানুষের জন্য হুমকিস্বরূপ।