নগরীর জলাবদ্ধতা নিরসন, পানির স্বাভাবিক প্রবাহ বৃদ্ধি এবং ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নিজস্ব অর্থায়নে ‘কোনাপাড়া-কদমতলা খাল (ডিএনডি খাল, ডিএল-৩)’ পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রম শুরু হয়েছে।
আজ সোমবার (১৬ নভেম্বর) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। খাল উদ্ধারের অংশ হিসেবে এ সময় খালের ওপর নির্মিত সব অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রমও পরিচালনা করা হয়।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, ডিএসসিসির অঞ্চল-০৯ এর অন্তর্গত ৬৩, ৬৪ ও ৬৫ নম্বর ওয়ার্ডের কোনাপাড়া ব্রিজ থেকে ফার্মের মোড় হয়ে কদমতলা পর্যন্ত বিস্তৃত ১ দশমিক ৭২০ কিলোমিটার দীর্ঘ এবং গড়ে ১২ ফুট প্রস্থের এই খালটি পুনঃখনন করা হচ্ছে। প্রায় দুই মাস মেয়াদি এই কর্মসূচির আওতায় খালটি থেকে প্রায় ৮ হাজার ৯২৫ ঘনমিটার বর্জ্য ও স্লাজ (কাদা-মাটি) অপসারণ করা হবে। পাশাপাশি সৌন্দর্যবর্ধন ও পরিবেশ রক্ষায় খালের পাড়ে বৃক্ষরোপণ করা হবে। এই কার্যক্রম বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকার প্রায় ২ লাখ ৫০ হাজার নগরবাসী সরাসরি উপকৃত হবেন এবং এলাকার সামগ্রিক পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত হবে। উল্লেখ্য, ডিএসসিসির অধিক্ষেত্রভুক্ত শাখা খালসহ মোট ২৬টি খালের মধ্যে ২২টি খাল নিজস্ব অর্থায়নে খননের উদ্যোগ নেওয়া হয়েছে এবং অবশিষ্ট ৪টি খালের উন্নয়নকাজ চলমান প্রকল্পের মাধ্যমে বাস্তবায়নাধীন রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম খাল পরিষ্কার ও পুনঃখনন কাজে নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন। নাগরিকদের কাছে দুটি বিষয়ে সহযোগিতা চেয়ে তিনি বলেন, সিটি কর্পোরেশন সঠিকভাবে খাল খনন ও পরিষ্কারের কাজ করছে কি না, তা স্থানীয়ভাবে তদারকি করতে হবে এবং কোনো গাফিলতি পরিলক্ষিত হলে কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। অতীতে খাল পরিষ্কারের উদ্যোগ নেওয়া হলেও তা কার্যকরভাবে বাস্তবায়িত হয়নি উল্লেখ করে তিনি বলেন, জনগণের কাজ জনগণকেই বুঝে নিতে হবে।
দ্বিতীয় বিষয়ের ওপর গুরুত্বারোপ করে প্রশাসক বলেন, খাল পরিষ্কার ও উদ্ধারের পর পুনরায় কেউ যেন তা অবৈধভাবে দখল করতে না পারে এবং খালের ভেতরে ময়লা-আবর্জনা না ফেলে, সে বিষয়ে সংঘবদ্ধভাবে নাগরিক দায়িত্ব পালন করতে হবে। সরকারি সম্পদ মানেই জনগণের নিজস্ব সম্পদ এবং এর সুফল বা কুফল নাগরিকদেরই ভোগ করতে হয় উল্লেখ করে তিনি সম্পদ রক্ষণাবেক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। এ সময় তিনি সব রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনকে সিটি কর্পোরেশনের পরিষ্কার-পরিচ্ছন্নতা, মশক নিধন এবং খাল খনন কাজে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, সরকার ও জনগণ পাশাপাশি থেকে কাজ করলে অতি দ্রুতই ঢাকা মহানগরীর সার্বিক চিত্রের ইতিবাচক পরিবর্তন সম্ভব।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মো. আশরাফুল ইসলাম, ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।