যশোরের চৌগাছা উপজেলা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকিমূলক অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলা বাজারে পরিচালিত এই অভিযানে মোট ১০টি প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। বিভিন্ন অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় এই অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, তদারকির অংশ হিসেবে প্রথমে তাহাজ্জত বেকারীতে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে বকুল বীজ ভান্ডারকে একই আইনের ৪৩ ধারায় ৫ হাজার টাকা এবং বুলু বীজ ভান্ডারকে ৪৫ ধারায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান চলাকালে বাজারে পণ্যের মান, ব্যবসায়িক কার্যক্রমে স্বচ্ছতা এবং প্রচলিত আইন মেনে চলার বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হয়। সংশ্লিষ্টদের মতে, ভোক্তাদের স্বার্থ রক্ষা ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত এমন তদারকি অত্যন্ত জরুরি। বিশেষ করে খাদ্যপণ্য ও কৃষি উপকরণ বিক্রির ক্ষেত্রে ব্যবসায়ীদের প্রচলিত আইন ও বিধিবিধান মেনে চলার আহ্বান জানানো হয়েছে।