নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের গোপালপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থীর ধর্ষণকারীদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টার দিকে বলাইশিমুল ইউনিয়নের গোপালপুর বাজারে বিদ্যালয়ের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, পরিচালনা পর্ষদের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ ছাড়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করেন।


এ সময় উপস্থিত ছিলেন গোপালপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাহবুবুর রহমান (রিপন), প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম খান, সহকারী শিক্ষক মো. সিদ্দিকুর রহমান, রেজাউল করিম রনিক, নাসিদ আহমদ, মো. আমিনুল হক ভূঁইয়া, গোলাপ ও মকবুল হোসাইন। আরও বক্তব্য রাখেন বলাইশিমুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামসহ প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।

মানববন্ধনে বক্তারা নবম শ্রেণির ছাত্রীর ওপর সংঘটিত এই পাশবিক ঘটনার তীব্র নিন্দা জানান। তাঁরা দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানান। এ সময় শিক্ষার্থীরা "ধর্ষণকারীদের ফাঁসি চাই, ফাঁসি চাই" স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন।

উল্লেখ্য, গত ১৩ নভেম্বর রাতে বলাইশিমুল ইউনিয়নের খামারগাঁও এলাকার ১৫ বছর বয়সী ওই শিক্ষার্থী গণধর্ষণের শিকার হন বলে অভিযোগ রয়েছে। ঘটনার পরপরই ভুক্তভোগীর বাবা থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ মামলা রুজু করে। মামলার এজাহার সূত্রে জানা যায়, এ ঘটনায় মোট তিনজনকে আসামি করা হয়েছে।