রাজধানীতে যানবাহনে অনুমোদনহীন হাইড্রোলিক হর্ন, উচ্চ শব্দ সৃষ্টিকারী হর্ন ও বিকন লাইট সংযোজন এবং ব্যবহার বন্ধে কঠোর বার্তা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আগামী ১ ডিসেম্বর থেকে এসব সরঞ্জাম ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান চালানো হবে। এর আগেই যানবাহন থেকে অনুমোদনহীন হর্ন ও বিকন লাইট সরিয়ে নিতে মালিক ও চালকদের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বিভিন্ন যানবাহনে অননুমোদিতভাবে হাইড্রোলিক হর্ন, উচ্চ শব্দ সৃষ্টিকারী হর্ন ও বিকন লাইট ব্যবহার করা হচ্ছে। এর ফলে শব্দদূষণ ও জনদুর্ভোগ বাড়ছে এবং সড়কে স্বাভাবিক ট্রাফিক ব্যবস্থাপনায় বিঘ্ন ঘটছে। পাশাপাশি অতিরিক্ত শব্দের কারণে নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আগামী ১ ডিসেম্বর থেকে ঢাকা মহানগরীতে এসব অননুমোদিত সরঞ্জাম সংযোজন বা ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। নির্ধারিত সময়ের পর কোনো যানবাহনে এসব সরঞ্জাম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
নগরীর সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও শব্দদূষণ নিয়ন্ত্রণে ডিএমপির এই উদ্যোগ সফল করতে যানবাহনের মালিক, চালক ও নাগরিকসহ সবার সহযোগিতা কামনা করা হয়েছে।