দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের প্রথম ইউনিট থেকে উৎপাদিত বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টায় সর্বোচ্চ ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। পরে গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখতে সরবরাহ কমিয়ে ৩০০ মেগাওয়াটে নির্ধারণ করা হয়েছে। এর মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হিসেবে আত্মপ্রকাশ করল।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, দীর্ঘ প্রতীক্ষা ও ধারাবাহিক কারিগরি পরীক্ষা-নিরীক্ষা শেষে এই ঐতিহাসিক অর্জন সম্ভব হয়েছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রতিনিধিদল প্রকল্পের সার্বিক অগ্রগতি ও নিরাপত্তা-ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছে। এ অর্জনে প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন এবং মন্ত্রী দেশের সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান উপস্থিত ছিলেন।
পরবর্তী কার্যক্রম সম্পর্কে প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, প্রাথমিক পর্যায়ে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর কেন্দ্রটি গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। প্রায় ২৮ ঘণ্টা বিরতি দিয়ে পুনরায় ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে যুক্ত করে টারবাইন, জেনারেটর ও পরিচালনব্যবস্থার স্থিতিশীলতা যাচাই করা হবে। এসব পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) অনুমোদন সাপেক্ষে পরবর্তী ধাপের কার্যক্রম চলবে।
চুক্তি অনুযায়ী, ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা শেষে প্রথম ইউনিট থেকে পূর্ণ ক্ষমতায় বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের প্রতিটির উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট, যা পূর্ণমাত্রায় চালু হলে জাতীয় গ্রিডে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে।