খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন পলাশপুর জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনীম।

এর আগে সোমবার বিকেল ৩টার দিকে উপজেলার বেলছড়ি ইউনিয়নের ধলিয়া ব্রিজ এলাকা থেকে খেদাছড়া ব্যাটালিয়নের (৪০ বিজিবি) অধীন অযোধ্যা বিওপির একটি টহলদল তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি চার্জার ও নগদ ২ হাজার ৫০ টাকা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—চট্টগ্রামের হালিশহর এলাকার নন্দন কুমার দে (৩১), খাগড়াছড়ির রামগড় উপজেলার শশানটিলা এলাকার সঞ্জয় দে (৪৩) এবং মাটিরাঙ্গা উপজেলার অযোধ্যা নুরনবী পাড়ার মো. সাদ্দাম (৩৫)।

বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, নন্দন কুমার দে-এর অসুস্থ বাবার সঙ্গে ভারতের কলকাতার অ্যাপোলো হাসপাতালে দেখা করার উদ্দেশ্যে তারা বৈধ পাসপোর্ট ছাড়াই সীমান্ত পার হওয়ার চেষ্টা করছিলেন।

মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ উদ্দিন জানান, সোমবার রাতে বিজিবি আটক তিনজনকে উদ্ধারকৃত মালামালসহ থানায় হস্তান্তর করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার আদালতে পাঠানো হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পলাশপুর জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনীম বলেন, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড ও অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সদস্যরা সর্বদা সতর্ক রয়েছেন এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।