শ্রমিক দিবসে দিবসে নির্মাণশ্রমিকের মৃত্যু

মো: ইব্রাহিম, ঢাকা: শ্রমিক দিবসেই রাজধানীর উত্তরখানে বহুতল ভবন থেকে পড়ে প্রাণ গেল নির্মাণশ্রমিক মো: লালন (৩৫)।

বুধবার (১ মে) বিকেল ৪টার দিকে উত্তরখান মাজার ফজির বাতান এলাকার ‘টাওয়ার টুয়েন্টি এইট’ নামের দশ তলা ভবনের পঞ্চম তলা থেকে পড়ে যান লালন। সহকর্মী ও আশেপাশের লোকজন তাঁকে গুরুতর অবস্থায় দক্ষিণখানের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন উত্তরখান থানায় আগত শ্রমিকেরা।

নিহত ওই শ্রমিক মো: লালন কিশোরগঞ্জের সদর উপজেলার নামাপাড়া গ্রামের রতন মিয়ার ছেলে। বর্তমানে তিনি উত্তরখানের শ্যামলবাগ এলাকায় স্ত্রী, সন্তান নিয়ে বসবাস করতেন। তাঁর দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। লালন থাই ও গ্রিলের মিস্ত্রী হিসেবে কাজ করতেন।

টাওয়ার টুয়েন্টি এইট ভবনটির দেখাশোনার দায়িত্বে থাকা সোহরাব আলী বলেন, দশ তলা ভবনের চতুর্থ তলার ছাদের কাজ শেষ হয়েছে। পঞ্চম তলার ছাদের জন্য সেফটি দিতে গিয়ে টিন ভেঙে ওই শ্রমিক নিচে পড়ে গেছেন। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। আর টিনগুলো অনেক পুরাতন ছিল। যার কারণে টিন ভেঙে নিচে পড়ে যান লালন।

নিহত মো: লালন এর শিরিন আক্তার বলেন, আমি শুনতে পাইছি, আমার স্বামী ওপর থেকে পড়ে গেছে। তখন দৌড়ে ওই বিল্ডিংয়ে গিয়ে পাই নাই। পরে থানায় এসে তার লাশ পাইছি।

টাওয়ার টুয়েন্টি এইট ভবনটির মালিক সমিতির সভাপতি ও কুমিল্লার দাউদকান্দি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বলেন, ‘ভবনটি আমরা কিছু পুলিশ সদস্য ও বিমানবাহিনীর কয়েকজন সদস্য, ইঞ্জিনিয়ার ও প্রফেসর ২৮ জন মিলে করছি। পুরো ভবনটির নির্মাণকাজ কন্ট্যাক্টে দেওয়া হয়েছে। ঠিকাদারের কথা ছিল, টিন দিয়ে নিরাপত্তাবেষ্টনী দেওয়া হবে, সেটির ওপর দিয়ে দশ জন হেঁটে গেলেও কিছু হবে না। কিন্তু একজনেই এ অবস্থা হবে সেটি ভাবতেই পারছি না।

তিনি আরও বলেন, আমরা সবাই সরকারি কর্মজীবী। সবাই যার যার কর্মস্থলে ব্যস্ত। যার কারণে কন্ট্যাক্টে কাজ করা হচ্ছিল। আজ শ্রমিক দিবস উপলক্ষে কাজ বন্ধ থাকার কথা ছিল। কিন্তু সামান্য একটু সেফটির কাজ বাকি ছিল বিধায় আমাদের অজান্তেই কাজ চলছিল।

এসআই আশরাফুল ইসলাম বলেন, এমন ঘটনায় আমরা মর্মাহত। নিহতের স্বজনদের পাশে আমরা মালিক কর্তৃপক্ষ সাধ্য অনুযায়ী থাকব ও সহযোগিতা করব।

এ বিষয়ে উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাঈদ আল মামুন বলেন, ভবনটির নিরাপত্তা বেষ্টনীর কাজ করতে গিয়ে ওই শ্রমিক বৈদ্যুতিক তারের খুঁটিতে পড়ে যান। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ ব্যাপারে ঠিকাদারের সঙ্গে কথা বলা সম্ভব হইনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button