মাদারীপুরে গৃহবধূর মৃত্যু, শ্বশুরবাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

জেলা প্রতিনিধি, মাদারীপুর

মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নে এক গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে শ্বশুরবাড়িতে ব্যাপক ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নিহত গৃহবধূ সাথী আক্তারের (১৯) পরিবারের অভিযোগ, শ্বশুরের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

রোববার (৮ মার্চ) রাতে উপজেলার উত্তর মহিষেরচর এলাকায় এই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কাইয়ুম বেপারীর সঙ্গে ৭ মাস আগে বিয়ে হয় সাথীর। বিয়ের মাত্র তিন দিনের মাথায় কাইয়ুম প্রবাসে চলে যান। স্বজনদের দাবি, স্বামী বিদেশে থাকার সুযোগে শ্বশুর গোলাম বেপারী তাকে প্রায়ই কুপ্রস্তাব দিতেন। এতে রাজি না হওয়ায় রোববার সকালে তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়। এই ঘটনার জেরে রাতে বিক্ষুব্ধ জনতা ঘাতক সন্দেহে শ্বশুরের বসতবাড়িতে হামলা চালায়। লুটপাটের পর একটি দোতলা ভবনসহ ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। নৌপথ ও রাস্তার সমস্যার কারণে ফায়ার সার্ভিসের পৌঁছাতে দেরি হওয়ায় কয়েক কোটি টাকার সম্পদ ভস্মীভূত হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের। পরে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ভাঙচুর ও অগ্নিকাণ্ডের খবর পেয়ে সেনাবাহিনীসহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button