শীর্ষ ছিনতাইকারী পিচ্চি আবির দুই সহযোগীসহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকার শীর্ষ ছিনতাইকারী ও কিশোর গ্যাং লিডারের ‘পিসি আবির গ্রুপ’ প্রধান আবিরকে (২৪) দুই সহযোগীসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি দেশীয় অস্ত্র এবং দুটি ইলেকট্রিক শক দেওয়ার যন্ত্র উদ্ধার করা হয়।

শুক্রবার রাত ৯টার দিকে মোহাম্মদপুর থানার গজনবী রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া অন্য দুইজন হলেন- আব্বাস (১৯) ও সিয়াম (১৯)।

বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, পিচ্চি আবির একজন শীর্ষ ছিনতাইকারী ও কিশোর গ্যাং লিডার। রায়েরবাজার এলাকায় সে দীর্ঘদিন ধরে ছিনতাই চালিয়ে আসছিল। এছাড়া সে একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিচ্ছিল। তারই ধারাবাহিকতায় আজ রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেনেভা ক্যাম্পের পাশে গজনবী রোড এলাকায় মোহাম্মদপুর থানার পরিদর্শকের (অপারেশন) নেতৃত্বে এসআই আক্কেল আলী ও মো. শহিদুল ওসমান মাসুম অভিযান চালিয়ে পিচ্চি আবির ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেন। এ সময় তাদের কাছ থেকে দুটি দেশীয় সামুরাই এবং ইলেকট্রিক শক দেওয়ার দুটি যন্ত্র উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, শীর্ষ ছিনতাইকারী ও গ্যাং লিডার পিচ্চি আবিরের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ২০টি এবং ধানমন্ডি থানায় একটি মামলা রয়েছে। জুলাই আন্দোলনের পর ৫ আগস্ট সে কেরানীগঞ্জের জেলখানা থেকে পালিয়ে যায়। তার বিরুদ্ধে একাধিক গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে বলে জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button