

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে উত্তাল জুলাইয়ে কাজলা ফ্লাইওভারে বুক চিতিয়ে ওড়ানো সেই স্মৃতিবিজড়িত জাতীয় পতাকাটি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিয়েছেন ছাত্রদল কর্মী মুত্তাকিন।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক আবেগঘন পরিবেশে তারেক রহমানের হাতে আনুষ্ঠানিকভাবে পতাকাটি হস্তান্তর করা হয়।
গত বছরের ১৮ জুলাই আন্দোলনের চরম মুহূর্তে যাত্রাবাড়ীর কাজলা ফ্লাইওভারের ওপর দাঁড়িয়ে খোলা বুকে জাতীয় পতাকা ওড়ান ছাত্রদল কর্মী মুত্তাকিন। সে সময় তাঁর দেশপ্রেম ও সাহসিকতার সেই ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে পড়ে এবং আন্দোলনের অন্যতম শক্তিতে পরিণত হয়। সেই ঐতিহাসিক দিনটিতে তাঁর হাতে থাকা পতাকাটিই তিনি আজ দলের শীর্ষ নেতার কাছে পৌঁছে দিলেন।
পতাকাটি গ্রহণ করে মুত্তাকিনকে আন্তরিক ধন্যবাদ জানান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ত্যাগের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
পতাকা হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন: রাকিবুল ইসলাম রাকিব (সভাপতি, জাতীয়তাবাদী ছাত্রদল)
নাছির উদ্দীন নাছির (সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্রদল)




