টঙ্গীতে মাইশা জেনারেল হাসপাতালের বিরুদ্ধে ভুল আল্ট্রাসনোগ্রাম রিপোর্টের অভিযোগ।

মোঃ পাপেল মিয়া, গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে অবস্থিত ‘মাইশা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে’র বিরুদ্ধে ভুল আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট প্রদানের গুরুতর অভিযোগ উঠেছে। একই রোগীর দুটি ভিন্ন প্রতিষ্ঠানের রিপোর্টে আকাশ-পাতাল পার্থক্য দেখা দেওয়ায় স্থানীয়দের মধ্যে তীব্র উদ্বেগ ও আস্থাহীনতা তৈরি হয়েছে।

জানা যায়, সুবর্ণা (২৬) নামের এক নারী গত ৩ মার্চ টঙ্গীর স্টেশন রোডে অবস্থিত এই হাসপাতালে আল্ট্রাসনোগ্রাম করান। সেখানকার রিপোর্টে তার জরায়ুতে ১.৮ সেন্টিমিটার আকারের টিউমার (Uterine small myoma) থাকার আশঙ্কার কথা জানানো হয় এবং নিশ্চিত হতে TVS পরীক্ষার পরামর্শ দেওয়া হয়।

পরবর্তীতে রোগী নিশ্চিত হওয়ার জন্য ১১ মার্চ ঢাকার উত্তরা এলাকার একটি নামী ডায়াগনস্টিক সেন্টারে TVS (Pelvis) পরীক্ষা করান। সেই রিপোর্টে দেখা যায়, রোগীর জরায়ু সম্পূর্ণ স্বাভাবিক এবং সেখানে কোনো ধরনের টিউমার বা মায়োমার অস্তিত্ব নেই। তবে নতুন রিপোর্টে দুই ডিম্বাশয়ে ছোট ফলিকল বা ‘পলিসিস্টিক ওভারি’র (PCOS) সমস্যার কথা উল্লেখ করা হয়েছে।

একই রোগীর জরায়ুর টিউমার নিয়ে এমন ভিন্ন ভিন্ন ফলাফল আসায় মাইশা জেনারেল হাসপাতালের ল্যাব ও পরীক্ষার মান নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে। এ বিষয়ে হাসপাতালের চিকিৎসক ডা. মতিউর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি মন্তব্য করতে রাজি হননি এবং বিষয়টি এড়িয়ে যান।

এদিকে স্থানীয় ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, ইতিপূর্বেও এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভুল রিপোর্ট প্রদানের একাধিক রেকর্ড রয়েছে। তারা স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে সঠিক তদন্ত ও দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button