
দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বালুবাহী ট্রাকের পেছনে ঢাকাগামী একটি স্লিপার কোচের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের আরও অন্তত ছয়জন যাত্রী আহত হয়েছেন।
রোববার (২৯ মার্চ) সকাল ৬টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর উপজেলার চন্ডিপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মোশাররফ হোসেন বাবু মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার খবির উদ্দিনের ছেলে।অপর নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিনাজপুর শহর থেকে যাত্রী নিয়ে ‘হেরিটেজ স্লিপার কোচ’ নামের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। চন্ডিপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বালুবাহী ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের চালকের সহকারী ও এক যাত্রী প্রাণ হারান। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুইজনের মরদেহ উদ্ধার করেছে। একজনের পরিচয় পাওয়া গেলেও অন্যজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক পুলিশি হেফাজতে রয়েছে।




