যশোর জেলগেটে স্ত্রী-সন্তানকে শেষ বিদায় দিলেন কারাবন্দি ছাত্রলীগ নেতা সাদ্দাম

জেলা প্রতিনিধি, যশোর ২৫ জানুয়ারি ২০২৬

যশোর কেন্দ্রীয় কারাগারে এক মর্মান্তিক ও আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলার সভাপতি জুয়েল হাসান সাদ্দাম শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় কারাগারের ভেতরেই তার মৃত স্ত্রী ও ৯ মাস বয়সি সন্তানের নিথর দেহ ছুঁয়ে শেষ বিদায় জানান।

শুক্রবার (২৩ জানুয়ারি) বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালী প্রথমে তার ৯ মাসের শিশু সন্তান নাজিম হোসেনকে পানিতে চুবিয়ে হত্যা করেন এবং পরে নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

স্বজনদের দাবি, গত ৫ আগস্টের পর থেকে স্বামী সাদ্দাম কারাবন্দি থাকায় এবং বারবার চেষ্টা করেও তার মুক্তি না হওয়ায় স্বর্ণালী চরম মানসিক হতাশায় ভুগছিলেন। সাদ্দাম কারাগার থেকে চিরকুট পাঠিয়ে মুক্তির আশ্বাস দিলেও বাস্তবে তার কোনো অগ্রগতি ছিল না।

২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর সাদ্দামের বিরুদ্ধে মামলা হয় এবং ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তিনি গ্রেপ্তার হন। গত ১৫ ডিসেম্বর তাকে যশোর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।

শনিবার সন্ধ্যায় মা ও শিশুর মরদেহ যশোর কেন্দ্রীয় কারাগারে নেওয়া হলে এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়। কারাবিধি অনুসরণ করে মানবিক বিবেচনায় সাদ্দামকে তার স্ত্রী ও সন্তানকে দেখার সুযোগ করে দেয় কর্তৃপক্ষ।

সাদ্দাম জীবনে প্রথমবার তার ৯ মাসের সন্তানকে কোলে তুলে নেন, তবে ততক্ষণে শিশুটি মৃত। তিনি তার স্ত্রীর মরদেহ ছুঁয়ে কান্নায় ভেঙে পড়েন। সেখানে উপস্থিত কারা কর্মকর্তা ও স্বজনদের মধ্যে এক শোকাতুর পরিবেশের সৃষ্টি হয়।

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহম্মেদ জানান, সাদ্দাম বর্তমানে এই কারাগারে বন্দি রয়েছেন। মানবিক দিক বিবেচনা করে এবং আইনি প্রক্রিয়া মেনেই তাকে স্ত্রী ও সন্তানের মরদেহ দেখার সুযোগ দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button