কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত বেড়ে ৪

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার ব্যাপারীরহাট এলাকার বাঁশেরতলে এ দুর্ঘটনা ঘটে। বুধবার (২৯ এপ্রিল) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রংপুর থেকে চিকিৎসা শেষে মাইক্রোবাসটি যাত্রী নিয়ে ভূরুঙ্গামারী ফিরছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সাথে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে বুধবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন- ভূরুঙ্গামারী উপজেলার উত্তর তিলাই গ্রামের মনির হোসেনের মেয়ে সাদিয়া (৮), জাহিদুল ইসলামের ছেলে নুরন্নবী (২৮) , শিলখুড়ি ইউনিয়নের মাইক্রোবাস চালক লিমন মিয়া (২৮) এবং ধলডাঙ্গা গ্রামের শামীম হোসেন।

আহতদের মধ্যে মো. ইউসুফ আলী বাবু (৪০), তাইমুন নাহার (৩৮), হামিদুল ইসলাম (২৪), মোছা. জবা (৪০), শিশু মুন (০৮) ও ছামির আলীসহ (৬৫) ১২ জন বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

খবর পেয়ে স্থানীয় জনতা, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রথমে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল ও রংপুর মেডিকেলে স্থানান্তর করা হয়।

নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বেপরোয়া গতি ও অসতর্কতার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। ঘাতক ট্রাকটিকে শনাক্ত করার চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button