
মোঃ পাপেল মিয়া, জেলা প্রতিনিধি (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর সিটি করপোরেশনের ৪৬ নং ওয়ার্ডের মেঘনা রোড এলাকার দীর্ঘদিনের ভাঙা রাস্তা নিজস্ব অর্থায়নে মেরামত করে দিয়েছেন কাউন্সিলর প্রার্থী ও ৪৬ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আল মনসুর টুটুল। দীর্ঘদিন ধরে অবহেলিত ও খানাখন্দে ভরা এই রাস্তাটি সংস্কার হওয়ায় স্বস্তি ফিরেছে স্থানীয় বাসিন্দাদের মনে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মেঘনা রোডের এই গুরুত্বপূর্ণ রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল দশায় পড়ে ছিল। সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমে যেত এবং বড় বড় গর্তের কারণে প্রতিনিয়ত ঘটত দুর্ঘটনা। এই চরম ভোগান্তি নিয়ে এলাকাবাসী দীর্ঘদিন ধরে যাতায়াত করছিলেন। জনগণের এই দুর্ভোগ দূর করতে কোনো সরকারি বরাদ্দের অপেক্ষা না করে, সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেন সমাজসেবক আল মনসুর টুটুল।
তীব্র গরম উপেক্ষা করে তদারকি রাস্তা সংস্কারের কাজ চলাকালে তীব্র গরম ও তাপদাহ উপেক্ষা করে দিনভর নিজে উপস্থিত থেকে পুরো কাজের তদারকি করেন আল মনসুর টুটুল। তার এই আন্তরিক প্রচেষ্টা দেখে স্থানীয় যুবসমাজ ও সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে কাজে সহযোগিতা করেন।
রাস্তাটি মেরামত হওয়ায় স্থানীয় এক বাসিন্দা বলেন:
”এই রাস্তা দিয়ে যাতায়াত করা আমাদের জন্য নরকযন্ত্রণা ছিল। কেউ আমাদের খোঁজ নেয়নি। আল মনসুর টুটুল ভাই নিজের টাকা দিয়ে রাস্তাটি ঠিক করে দেওয়ায় আমরা তার প্রতি কৃতজ্ঞ।”
জনগণের পাশে থাকার প্রত্যয়।
এ বিষয়ে আল মনসুর টুটুল বলেন,
“জনগণের দুর্ভোগ আমি চোখ বুজে সহ্য করতে পারিনি। স্থানীয় মানুষের কষ্ট লাঘব করতেই আমি কোনো সরকারি বরাদ্দের আশায় না বসে থেকে নিজের সামর্থ্য অনুযায়ী এই উদ্যোগ নিয়েছি। পদ-পদবি বড় কথা নয়, আমি সবসময় জনগণের সেবক হয়ে থাকতে চাই। আগামীতেও আমি ৪৬ নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের সুখে-দুঃখে এভাবেই পাশে থাকব।”
রাস্তাটি চলাচলের উপযোগী হওয়ায় মেঘনা রোড এলাকার রিকশাচালক, পথচারী এবং ব্যবসায়ীসহ সাধারণ মানুষের মাঝে ব্যাপক আনন্দের জোয়ার বইছে। এলাকার অনেকেই টুটুলের এই জনকল্যাণমুখী কাজের ভূয়সী প্রশংসা করছেন।




