ভেনেজুয়েলায় মার্কিন অভিযান আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: 

আন্তর্জাতিক ডেস্ক | ৪ জানুয়ারি ২০২৬

নিউইয়র্ক: ভেনেজুয়েলার নির্বাচিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক এবং দেশটিতে সামরিক অভিযান পরিচালনার তীব্র সমালোচনা করেছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তিনি এই পদক্ষেপকে যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন ও আন্তর্জাতিক আইনের “গুরুতর লঙ্ঘন” বলে অভিহিত করেছেন।

শনিবার স্থানীয় সময় শেষ রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে ঝটিকা অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে মার্কিন বিমান বাহিনী। আটকের পর তাদের ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে জানিয়েছেন, মাত্র চার দিন আগে তিনি এই অভিযানের চূড়ান্ত অনুমোদন দিয়েছিলেন।

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, মাদুরো ও তার স্ত্রীকে নিউইয়র্ক সিটির ফেডারেল হেফাজতে রাখা হবে—এমন তথ্য পাওয়ার পরপরই তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে টেলিফোন করে নিজের আপত্তির কথা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় মামদানি বলেন:

“একতরফাভাবে কোনো সার্বভৌম জাতির ওপর হামলা করা যুদ্ধের শামিল। সরকার পরিবর্তনের এই নির্লজ্জ প্রচেষ্টা শুধু আন্তর্জাতিক আইনেই অবৈধ নয়, বরং এর সরাসরি প্রভাব পড়বে নিউইয়র্কের বাসিন্দাদের ওপর। কারণ লক্ষাধিক ভেনেজুয়েলান এই শহরকে তাদের ঘর মনে করেন।”

মেয়র মামদানি আরও জানান, তার প্রশাসন উদ্ভূত পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারিতে রাখছে। তার মূল লক্ষ্য নিউইয়র্কের প্রতিটি বাসিন্দার নিরাপত্তা নিশ্চিত করা। তবে মেয়রের বিরোধিতার প্রেক্ষিতে প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button