

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস বলেছেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত। স্লোগান দিয়ে বা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে এই সরকারকে বিব্রত করার চেষ্টা করবেন না।
মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, স্লোগান দিয়ে নিজের দাবির কথা বলা যেতে পারে, তবে তার একটি নির্দিষ্ট পদ্ধতি আছে। কিছু লোক ক্ষমতায় যাওয়ার লোভে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। রমজান মাসে মিথ্যা অপপ্রচার ও গালিগালাজ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ধরনের আচরণে পারিবারিক ও বংশীয় মর্যাদাই ক্ষুণ্ণ হয়।
সরকারের কার্যক্রমের প্রশংসা করে তিনি আরও বলেন, দায়িত্ব নেওয়ার এক মাস পূর্ণ হওয়ার আগেই সরকার ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করেছে। সামনে কৃষক কার্ডসহ আরও জনকল্যাণমূলক কাজ আসবে। ১৭ বছরের দুঃশাসন ভুলে গিয়ে মাত্র কয়েক দিনের সরকারের সমালোচনা করা অযৌক্তিক।
সংগঠনের সভাপতি শাহরিয়ার নাঈমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন, প্রতিমন্ত্রী নুরুল হক নুর, সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ এবং এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ প্রমুখ।




