

নিজস্ব প্রতিবেদক, সুমন: রাজধানীর উত্তরায় অনলাইন সংবাদমাধ্যম নজরবিডি ডট কম (nazarbd)-এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এতিম শিশুদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে এতিম ও অসহায় শিশুদের মাঝে জায়নামাজ বিতরণ এবং তাদের সাথে ইফতার করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সদস্য আলী আকবর আলী। তিনি তার বক্তব্যে বলেন, “বর্তমান বিশ্বে অনলাইন গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনলাইন পত্রিকা ও ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা হলে দেশ থেকে দুর্নীতি ও অপরাধ কমে আসবে। সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছে গেলে অন্যায়-অবিচারের বিরুদ্ধে জনমত তৈরি হয়।” তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, খুব অল্প সময়ের মধ্যেই নজরবিডি সত্য ও নিরপেক্ষতার মাধ্যমে দেশের মানুষের হৃদয়ে স্থান করে নেবে।

সভাপতির বক্তব্যে নজরবিডির সম্পাদক ও প্রকাশক মুহাম্মদ আমিনুল ইসলাম বলেন, “আমাদের প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। অন্যের ওপর দায় না চাপিয়ে আমরা যদি সবাই মিলে কাজ করি, তবেই সমাজ ও দেশ বদলে যাবে।”
অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির শান্তি এবং সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসবিডিএল-এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম সরকার, সমাজসেবক মো. আনোয়ার হোসেন আনু, উত্তরা সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি শেখ মনিরুজ্জামান জুয়েল, সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবির এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন নজরবিডির সহ-সম্পাদক অদ্রি আলাউদ্দিন।




