ঢাকাসহ দেশের ৫ বিভাগে বাড়ছে গরমের দাপট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সারা দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। রাজশাহী ও খুলনা বিভাগে সূর্যের দাপট বেশি থাকলেও আজ থেকে ঢাকাসহ দেশের পাঁচটি বিভাগে এই তাপপ্রবাহের পরিধি আরও বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

সংস্থাটি জানায়, শুক্রবার (৩ এপ্রিল) থেকে খুলনা ও রাজশাহী বিভাগের পাশাপাশি ঢাকা, বরিশাল ও রংপুর বিভাগের বিভিন্ন জেলা এবং দেশের অন্যত্র নতুন করে তাপপ্রবাহ সক্রিয় হতে পারে। এর ফলে জনজীবনে অস্বস্তি বাড়তে পারে।

আবহাওয়া তথ্যানুযায়ী, আজ দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা উল্লেখযোগ্য হারে বাড়বে। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, যশোর ও খুলনাসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে তাপমাত্রা ৩৭°C থেকে ৩৯°C পর্যন্ত পৌঁছাতে পারে। এছাড়া ঢাকা, ফরিদপুর, রংপুর ও বরিশালের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৩৬°C থেকে ৩৭°C সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে।

বিডব্লিউওটি আরও জানিয়েছে, এই তাপপ্রবাহ আগামী ৬ এপ্রিল পর্যন্ত স্থায়ী হতে পারে। তবে এর মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা সাময়িক স্বস্তি দিতে পারে।

দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তীব্র রোদে সরাসরি অবস্থান না করতে পরামর্শ দেওয়া হয়েছে। হিটস্ট্রোকের ঝুঁকি এড়াতে প্রচুর পানি, তরল খাবার গ্রহণ এবং সম্ভব হলে ছায়াযুক্ত স্থানে থাকার জন্য নাগরিকদের অনুরোধ জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button