নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকায় যাত্রীর স্বজনদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের হাতাহাতির ঘটনায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পৃথক ব্যাখ্যা দিয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দুটি সংস্থাই ঘটনাটির পেছনের চিত্র তুলে ধরেছে।

বেবিচক সূত্রে জানা গেছে, ২১ সেপ্টেম্বর রাত ১২টা ৫২ মিনিটের দিকে এক আগমনী যাত্রীকে নিতে আসা পুরুষ স্বজন নির্ধারিত এক্সিট গেট দিয়ে জোরপূর্বক ভেতরে প্রবেশের চেষ্টা করেন। নিরাপত্তাজনিত কারণে দায়িত্বে থাকা আনসার সদস্য বাধা দিলে একপর্যায়ে ভারসাম্য হারিয়ে ওই ব্যক্তি নিচে পড়ে যান। এরপর তার সঙ্গে থাকা অন্য ব্যক্তিরা এগিয়ে এলে হাতাহাতির সূত্রপাত হয়। ঘটনাটি আংশিক ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হলেও, সিসিটিভি ফুটেজে সম্পূর্ণ সত্যতা উঠে এসেছে বলে বেবিচক জানায়।

অন্যদিকে আনসার বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, রাত আনুমানিক ১টা ২০ মিনিটে নিরাপত্তা নির্দেশনা অমান্য করে ভেতরে ঢোকার চেষ্টা করা হলে তাকে বাধা দেওয়া হয়। এই ঘটনার ভিডিও ধারণ করতে গেলে বিমানবাহিনীর সদস্যরা নিরাপত্তা কারণে নিষেধ করেন। এতে উত্তেজিত হয়ে যাত্রীর স্বজনেরা ক্ষিপ্ত হন এবং আনসার সদস্যদের ওপর হামলার চেষ্টা চালান।

আনসার জানায়, আত্মরক্ষার্থে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দায়িত্বপ্রাপ্ত সদস্যরা প্রতিরোধ গড়ে তোলেন। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় আনসার সদস্য পিসি হাবিবুর রহমান, মো. নুরুজ্জামান এবং মো. সাদেকুল সামান্য আহত হন এবং তাদের ইউনিফর্ম ক্ষতিগ্রস্ত হয়। পরে বিমানবাহিনী ও আনসারের যৌথ চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।