ফিফা উইন্ডো না থাকলেও নতুন বছরের শুরুতেই আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশ ফুটবল দলের সামনে। আগামী জানুয়ারির মাঝামাঝি তুরস্কে এক বা একাধিক প্রীতি ম্যাচ খেলার জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে কিরগিজস্তান ফুটবল ফেডারেশন। সম্প্রতি এই প্রস্তাব পাওয়ার পর শনিবার (২১ নভেম্বর) জাতীয় দল কমিটির সভায় বিষয়টি খতিয়ে দেখতে সাবেক এক ম্যানেজার ও কমিটির এক সদস্যকে দায়িত্ব দিয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।

২০২৬ সালে আর কোনো ফিফা উইন্ডো না থাকায় এবং পরবর্তী উইন্ডো ২০২৭ সালের ২২ থেকে ৩০ মার্চ হওয়ায় জানুয়ারির এই ম্যাচ নিয়ে বিকল্প ভাবনায় রয়েছে বাফুফে। আগামী ২৭ নভেম্বর বাংলাদেশ ফুটবল লিগ শুরু হয়ে প্রথম লেগ শেষ হবে ১৬ জুন। লিগের দলবদলের বিরতিতে এই প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। তবে ফিফা উইন্ডোর বাইরে থাকায় হামজা চৌধুরী, ফারহান ও শমিতদের নিজ নিজ ক্লাব থেকে ছাড়পত্র পাওয়ার সম্ভাবনা নেই। সে ক্ষেত্রে বিকল্প হিসেবে অনূর্ধ্ব-২৩ দল পাঠানোর চিন্তাভাবনাও করছে ফেডারেশন। তুরস্কের শীত, কিরগিজস্তানের দেওয়া সুযোগ-সুবিধা এবং ঘরোয়া ফুটবলের সূচি বিবেচনায় নিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সাফ ব্যর্থতায় উত্তপ্ত বাফুফে সভা প্রীতি ম্যাচের আলোচনার চেয়ে শনিবারের সভায় বেশি উত্তাপ ছড়িয়েছে সাফ চ্যাম্পিয়নশিপে দলের ব্যর্থতা। টুর্নামেন্টের আগে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে বলে দৃঢ় আত্মবিশ্বাস দেখালেও দল সেমিফাইনাল থেকেই বিদায় নেয়। এ নিয়ে কোচ টমাস ডুলিকে কড়া প্রশ্নের মুখে পড়তে হয়েছে। পাশাপাশি দলের ম্যানেজার, দলনেতা ও সমন্বয়কারীর মধ্যে চরম সমন্বয়হীনতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন কমিটির সদস্যরা। এমনকি পরিস্থিতির সমাধান না হওয়ায় এক সদস্য সরাসরি সভাপতি তাবিথ আউয়ালকেও জবাবদিহিতার মুখে ফেলেন।

সভায় উঠে আসে নানা অব্যবস্থাপনার চিত্র। আসিয়ান কাপের পর সাফেও দলনেতার দায়িত্বে থাকা বাফুফে সদস্য ইকবাল হোসেনের ক্যাম্পে অনিয়মিত থাকা এবং প্রথম দুই ম্যাচে অনুপস্থিত থেকে সরাসরি সেমিফাইনালে দলের সঙ্গে যোগ দেওয়া নিয়ে সমালোচনা হয়। এ ছাড়া ম্যানেজার বাবুর সঙ্গে হামজা চৌধুরীর দুই হাত ধরে নামাজে যাওয়ার দৃশ্যটিও সমালোচিত হয়েছে। জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে গুরুতর চোট পাওয়া ডিফেন্ডার সাদ উদ্দিনের যথাযথ খোঁজখবর না রাখার অভিযোগও ওঠে, যা নিয়ে প্রশ্নের মুখে পড়েন সাধারণ সম্পাদক ও সংশ্লিষ্ট নির্বাহী কর্মকর্তা।

আচরণবিধি ও ডুলির ভবিষ্যৎ কোচ টমাস ডুলির ঘন ঘন গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়া এবং দলনেতা ইকবাল হোসেনের মন্তব্য আচরণবিধি লঙ্ঘন করেছে কি না, তা নিয়েও প্রশ্ন ওঠে। এ প্রেক্ষিতে সাধারণ সম্পাদক ও টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুকে একটি সুনির্দিষ্ট আচরণবিধির রূপরেখা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।

তবে আসিয়ান কাপে নয় গোল হজম, নাইট ক্লাব বিতর্কের তদন্ত এবং কর্মকর্তাদের প্রতিবেদন জমা না দেওয়ার বিষয়ে সভায় কোনো সদুত্তর মেলেনি। কোচ টমাস ডুলির ভবিষ্যৎ নিয়েও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি; বিষয়টি পরবর্তী সভা পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। ফুটবলসংশ্লিষ্টদের একাংশের ধারণা, চলমান বিতর্ক সামাল দিতেই এই সিদ্ধান্ত বিলম্বিত করা হচ্ছে। সভা শেষে সভাপতি তাবিথ আউয়াল নিজে সংবাদমাধ্যমের মুখোমুখি না হয়ে মিডিয়া কমিটির চেয়ারম্যানকে পাঠান।