যশোরের বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েনের পাশাপাশি রাতে সার্চলাইটের আলোয় নজরদারি ও টহল বাড়ানো হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, রোববার দুপুরে ভারতের পেট্রাপোল সীমান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতার ঘোরাফেরার গুঞ্জন ছড়িয়ে পড়ার পর সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়।

বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের তথ্য অনুযায়ী, বেনাপোল সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। বিশেষ করে যেসব স্থানে কাঁটাতারের বেড়া নেই, সেসব এলাকায় বাড়ানো হয়েছে টহল ও নজরদারি। রাতে সার্চলাইট ব্যবহার করেও সীমান্ত এলাকা পর্যবেক্ষণ করা হচ্ছে।

রোববার সন্ধ্যায় বিজিবির একটি দল বেনাপোল সীমান্ত এলাকায় টহল দেয়। একই সঙ্গে অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত অপরাধ প্রতিরোধে নেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল আলম খান সংবাদমাধ্যমকে জানান, ভারতের পেট্রাপোলে কোনো নিষিদ্ধ রাজনৈতিক দলের ফেরারি আসামিরা অবস্থান করছেন বলে তাঁরাও শুনেছেন। সীমান্ত দিয়ে যাতে তারা অবৈধভাবে প্রবেশ করতে না পারেন, সে জন্য আগে থেকেই নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল। রোববার দুপুরের পর থেকে তা আরও বাড়ানো হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের সহযোগিতা গুরুত্বপূর্ণ। সীমান্তে কোনো অনিয়ম, অবৈধ অনুপ্রবেশ কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পেলে সঠিক তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

এর আগে রোববার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। এ সময় তিনি সাংবাদিকদের জানান, ডিসেম্বর মাসে বিতর্কিত কেউ যাতে দেশে প্রবেশ করতে না পারে, সে জন্য সীমান্তের নিরাপত্তা জোরদার করা হয়েছে।