দীর্ঘদিনের অসুস্থতা কাটিয়ে নতুন উদ্যমে অভিনয়ে ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ব্রেন টিউমারে আক্রান্ত হওয়ার পর চিকিৎসার জন্য তাকে দীর্ঘ বিরতিতে থাকতে হয়। অভিনেত্রীর এই প্রত্যাবর্তনকে ঘিরে ভক্ত-দর্শকদের মধ্যে ছিল বাড়তি কৌতূহল। সব অপেক্ষার অবসান ঘটিয়ে তরুণ নির্মাতা ইকসান রনির নতুন নাটক ‘অংশীদার’ দিয়ে পর্দায় ফিরেই দর্শকদের সাড়া পেয়েছেন তিনি।
ইউটিউবে নাটকটি মুক্তির পর অল্প সময়ের মধ্যেই ১ মিলিয়ন ভিউয়ের মাইলফলক অতিক্রম করেছে। গত শনিবার দুপুর ২টায় প্রযোজনা প্রতিষ্ঠান কেএসআই এন্টারটেইনমেন্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশ করা হয়। প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবের কমেন্ট বক্সে নাটকটির গল্প ও শিল্পীদের অভিনয়ের প্রশংসা করছেন দর্শকরা।
পারিবারিক টানাপোড়েন, নারীর ন্যায্য সম্পত্তির অধিকার, আত্মমর্যাদা এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এক বাস্তবসম্মত গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘অংশীদার’। নাটকটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইকসান রনি। এতে তানিয়া বৃষ্টির পাশাপাশি অভিনয় করেছেন শক্তিমান অভিনেতা ফজলুর রহমান বাবু ও ডলি জহুর।
নাটকটির এমন সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে নির্মাতা ইকসান রনি বলেন, ‘নাটকটির মাধ্যমে নারীর ন্যায্য অধিকার এবং আত্মমর্যাদার গল্পটি সবার সামনে তুলে ধরতে চেয়েছি। মাত্র ২২ ঘণ্টায় দর্শকরা যেভাবে নাটকটি গ্রহণ করেছেন, তা পুরো টিমের জন্য বড় অনুপ্রেরণা।’
এর আগে ইকসান রনির ‘ভালোবাসার এপিঠ ওপিঠ’, ‘আমিই রেনু’, ‘বাবাও মানুষ’ ও ‘সুখবিলাস’ নাটকগুলো দর্শকমহলে সাড়া ফেলেছিল। সেই ধারাবাহিকতায় দ্রুততম সময়ে মিলিয়ন ভিউয়ের তালিকায় যুক্ত হলো তানিয়া বৃষ্টি অভিনীত ‘অংশীদার’।