নেত্রকোণার কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুয়াজ (৭) ও আরাফাত (৬) নামে দুই (সহোদর) ভাই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এক ভাই বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর তাকে বাঁচাতে গিয়ে অপর ভাইও তাঁকে ধরে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় সন্তানদের বাঁচাতে গিয়ে তাদের মা-ও কিছুটা আহত হন।
রোববার (১১অক্টোবর) সকাল ৭ঘটিকার সময় উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাওলীকান্দা গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত দুই শিশু ওই গ্রামের মো. আব্দুস সাত্তারের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে খেলাধুলা করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে এসে এক শিশু বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় বিপদে পড়া ভাইকে বাঁচাতে এগিয়ে গেলে অপর শিশুটিও বিদ্যুৎস্পৃষ্ট হয়। দুই শিশুর চিৎকার শুনে তাদের মা ছুটে এসে সন্তানদের উদ্ধারের চেষ্টা করেন। এতে তিনিও কিছুটা আহত হন।ঘটনার সময় শিশুদের বাবা-মা বাড়ির পাশের গোয়ালঘরে গাভির দুধ সংগ্রহ করছিলেন। চিৎকার শুনে দ্রুত ছুটে এসে সন্তানদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তাঁরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
একসঙ্গে দুই সন্তানকে হারিয়ে শোকে দিশেহারা হয়ে পড়েছেন তাদের বাবা-মা। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাড়ির পরিবেশ। দুই অবুঝ শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতির কেন্দুয়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) প্রকৌশলী মো. ওমর ফারুক বলেন- মিটারের সঙ্গে ফ্রিজের সংযুক্ত তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে বলে জানতে পারি, এটি পল্লী বিদ্যুতের তারের কারণে ঘটেনি।
এ বিষয়ে কেন্দুয়া থানাধীন পেমই তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক (আইসি) মো.আসাদুজ্জামান মুঠোফোনে জানান- পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিধি মোতাবেক মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।