সৌদি আরবের রাজধানী রিয়াদকে লক্ষ্য করে সোমবার রাতে টানা তৃতীয় দিনের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তবে সৌদি প্রতিরক্ষা বাহিনী ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই আকাশে ধ্বংস করে দেয়।
সৌদি-ইয়েমেনি সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি জানান, সোমবার রিয়াদকে লক্ষ্য করে ১টি এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর খামিস মুশাইতকে লক্ষ্য করে ২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যা এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে সফলভাবে আটকে দেওয়া হয়েছে। যদিও রিয়াদের বাসিন্দারা বিকট বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন।
অন্যদিকে, হুথি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া কাসিম সারী এই হামলার দায় স্বীকার করে জানান, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং খামিস মুশাইতের একটি সৌদি বিমানঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল। তিনি আন্তর্জাতিক বিমান সংস্থাসমূহ ও ভ্রমণকারীদের সতর্ক করে বলেন যে, মক্কা ও মদিনা ব্যতীত সৌদি আরবের অন্য কোনো আকাশসীমা আর নিরাপদ নয়।
উল্লেখ্য, এর আগে গত শনিবার ও রোববার একই বিমানবন্দরে হুথিদের হামলায় যথাক্রমে ১৩ জন ও ১ জন নিহত হন এবং তিন শতাধিক মানুষ আহত হন। সোমবারের ঘটনার মাধ্যমে পর পর তিন দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল গোষ্ঠীটি।