আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে বিএনপির অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন দলটির দুর্গাপূজা পর্যবেক্ষণ কমিটির আহ্বায়ক ও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির দুর্গাপূজা পর্যবেক্ষণ কমিটির গুরুত্বপূর্ণ এক বৈঠক শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন জানান, হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন নির্বিঘ্নে তাদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে জন্য প্রতিটি ওয়ার্ডের পূজামণ্ডপে বিএনপির স্থানীয় নেতাকর্মীসহ ছাত্রদল, যুবদল ও শ্রমিক দলের নেতারা দায়িত্ব পালন করবেন। ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলায় স্থানীয় দলীয় নেতারা এ বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করেছেন।

তিনি বলেন, “প্রতিটি এলাকায় পূজামণ্ডপের নিরাপত্তা সুসংহত করতে স্থানীয় বিএনপি নেতারা পূজা উদযাপন কমিটি ও সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনের সঙ্গে নিবিড় সমন্বয় রক্ষা করে কাজ করবেন। বিএনপি ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সকল মানুষের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করার পক্ষে অবস্থান নেয়।”

অতীতেও পূজামণ্ডপের নিরাপত্তায় দলের নেতাকর্মীরা ভূমিকা রেখেছেন উল্লেখ করে তিনি বলেন, এবারও যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটতে পারে, সে বিষয়ে সারাদেশের দলীয় নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষণ কমিটির সদস্যসচিব ও যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, জয়ন্ত কুমার কুণ্ডু, অপর্ণা রায় দাস, অমলেন্দু দাস অপু, জন গোমেজ, অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, রমেশ দত্ত, পার্থ দে মণ্ডল, জয়দেব রায়, মিল্টন বৈদ্য ও গণেশ চন্দ্র রায় সাহসসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।