খুলনা মহানগরীর যানজট নিরসন ও অপরাধ দমনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় এই প্রযুক্তির মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন ও অপরাধমূলক কর্মকাণ্ড শনাক্ত করা হবে।
গত মঙ্গলবার (১৩ অক্টোবর) নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে কেসিসি পরিচালনা কমিটির ১৪তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
সভায় খুলনার নাগরিক সেবা ও পরিচ্ছন্নতা সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড থেকে মশক নিধন ওষুধ ক্রয়, প্রচার জোরদার এবং দৈনিক চার ঘণ্টা করে দুই শিফটে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া রাস্তা ও ফুটপাত অবৈধ দখলমুক্তকরণ এবং বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে প্রাণিসম্পদ বিভাগের সহায়তায় ব্যবস্থা নেওয়া হবে।
একই সভায় ময়লাপোতা মোড়সহ কেডিএ অ্যাভিনিউয়ের নাম পরিবর্তন করে ‘বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সরণি’ নামকরণের সিদ্ধান্ত হয় এবং খুলনা কলেজিয়েট গার্লস স্কুলের বিজ্ঞান ভবনটি প্রফেসর মুজিবর রহমানের নামে নামকরণের প্রস্তাব অনুমোদিত হয়।
কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের পরিচালনায় আয়োজিত এই সভায় কেএমপি, খুলনা ওয়াসা, কেডিএ, মোংলা বন্দর কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।