খুলনার দৌলতপুর থানা এলাকা থেকে দেশীয় অস্ত্র ও ১৫৪ রাউন্ড গুলিসহ গোলাম রসুল নামের এক ব্যক্তিকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক গোলাম রসুল খালিশপুর বঙ্গবাসী বিদ্যালয়ের ভোকেশনাল শাখার শিক্ষক এবং তিনি সাবেক কাউন্সিলর টিপুর ভাই।

গত মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৯টার দিকে উত্তর দেয়ানা এলাকায় তাঁর বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল গোলাম রসুলের বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় প্রথমে আলমারি খুলতে অস্বীকৃতি জানালেও পরে তাঁর আলমারি তল্লাশি করে ১৪১ রাউন্ড পয়েন্ট টু টু বোরের গুলি, ১৩ রাউন্ড শর্টগানের সিসা গুলি এবং ১২ ইঞ্চি লম্বা একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়। পরে রাতেই তাঁকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে মহানগর গোয়েন্দা পুলিশের ডেপুটি কমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া জানান, লাইসেন্সবহির্ভূত ১৫৪ রাউন্ড গুলি ও একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গোলাম রসুলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।