বলিউড থেকে দক্ষিণী সিনেমা—সর্বত্রই এখন অভিনেত্রী ম্রুনাল ঠাকুরের জয়জয়কার। তাঁর অভিনীত ‘পূজা মেরি জান’ সিনেমাটি সম্প্রতি মুক্তি পেয়েছে। এর মধ্যেই গুঞ্জন ছড়িয়েছে, পরিচালক অ্যাটলি কুমারের বহুল আলোচিত সিনেমা ‘রাকা’য় দেখা যাবে তাঁকে, যেখানে অল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোনের মতো তারকাদের সঙ্গে পর্দা ভাগ করার কথা রয়েছে তাঁর।
তবে ‘রাকা’ সিনেমায় অভিনয়ের বিষয়ে সরাসরি স্পষ্ট কিছু না বলে ভক্তদের কৌতুহল ও রহস্য জিইয়ে রেখেছেন ম্রুনাল। সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমাটিতে থাকা না-থাকা প্রসঙ্গে প্রশ্ন করা হলে অভিনেত্রী হাসিমুখে জানান, ভক্তরা যে তাঁকে নিয়ে এমন ইতিবাচক ভাবনা ভাবছেন, তা তাঁর বেশ ভালো লাগছে। খুব শিগগিরই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর নতুন প্রজেক্টগুলোর ঘোষণা আসবে এবং তখন সব গুঞ্জনের অবসান ঘটবে বলে আশা প্রকাশ করেন তিনি।
কাজের অভিজ্ঞতা ও চলচ্চিত্র নির্বাচন নিয়ে কথা বলতে গিয়ে ম্রুনাল জানান, প্রতিটি কাজকেই তিনি এক একটি শিক্ষার নতুন সুযোগ হিসেবে দেখেন। এমন গল্প ও চরিত্রে তিনি কাজ করতে চান যা শুধুই চ্যালেঞ্জিং হবে না, বরং সাধারণ মানুষকে জীবনসংগ্রাম কাটিয়ে উঠতে এবং আরও ভালো মানুষ হতে অনুপ্রাণিত করবে।