ভোলার লালমোহন উপজেলায় মা ইলিশ সংরক্ষণে সরকারের চলমান ২২ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে তেঁতুলিয়া নদীতে মাছ ধরার অপরাধে ৫ জন জেলেকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের চারজনকে ১৪ দিন করে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয় এবং অপ্রাপ্তবয়স্ক একজনকে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়।

গত মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মৎস্য বিভাগ, উপজেলা প্রশাসন ও কোস্টগার্ডের যৌথ উদ্যোগে তেঁতুলিয়া নদীতে এই অভিযান চালানো হয়। রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ানুল হক।

সাজাপ্রাপ্ত জেলেরা হলেন—বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের বাসিন্দা মো. রাশেদ (২০), মো. মোর্শেদ (২৪), মো. শামীম (১৯) এবং মো. ইমরান মৃধা (২৩)।

লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ জানান, যৌথ অভিযানে আটক জেলেদের কাছ থেকে ১০ কেজি ইলিশ মাছ ও প্রায় ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ এবং জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

উল্লেখ্য, মা ইলিশ রক্ষায় গত ৮ অক্টোবর থেকে শুরু হওয়া এই ২২ দিনের নিষেধাজ্ঞা চলবে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত। ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর নির্দিষ্ট অভয়াশ্রমগুলোতে এ সময় সব ধরনের মাছ ধরা, ক্রয়-বিক্রয় ও সংরক্ষণ সম্পূর্ণ নিষিদ্ধ।