ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে প্রধান শিক্ষক ও এক সহকারী শিক্ষিকার মারামারি ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। পারিবারিক বিরোধের জেরে ঘটা এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক সমালোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঘটনাটি ঘটে ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের ‘আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে’। মারামারিতে জড়ানো শিক্ষকদ্বয় হলেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন এবং সহকারী শিক্ষিকা আসমা বেগম। সম্পর্কে তারা স্বামী-স্ত্রী।
জানা গেছে, ২০০৪ সালে আফজাল হোসেন ও আসমা বেগমের বিয়ে হয় এবং তাদের এক মেয়ে রয়েছে। তবে পারিবারিক বিরোধের কারণে গত প্রায় ১৪ বছর ধরে তারা আলাদা বসবাস করছেন এবং আদালতে মামলাও চলছে। ২০১১ সালের দিকে দুজনেই আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেন। গত ১০-১২ দিন আগে বিদ্যালয়ের অফিসকক্ষে তাদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে ধস্তাধস্তি ও মারামারি হয়, যা অন্য শিক্ষকদের দিয়ে ধারণ করান প্রধান শিক্ষক নিজে। গত মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যার পর সেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে প্রধান শিক্ষক আফজাল হোসেন বলেন, বিদ্যালয়ের ভেতরে এমন ঘটনা ঘটানো ঠিক হয়নি। পারিবারিক বিরোধের জেরে এর আগেও দুই-তিনবার বিদ্যালয়ে তাদের মধ্যে এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে। অন্যদিকে বিষয়টি নিয়ে সহকারী শিক্ষিকা আসমা বেগমের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এ বিষয়ে ফুলবাড়িয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন জানান, ফেসবুকে ভিডিও ছড়ানোর পর ঘটনাটি তাদের নজরে এসেছে। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের এমন অনাকাঙ্ক্ষিত আচরণ মোটেও কাম্য নয়। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নিতে বুধবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হবে।