বারবার সতর্ক করার পরও পার্কিং ব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন না আনায় চট্টগ্রাম নগরের কাতালগঞ্জ এলাকার ইবনে সিনা হাসপাতাল কর্তৃপক্ষ ও ভবনমালিককে ৪০ লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। এর মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষকে ২০ লাখ এবং ভবনমালিককে ২০ লাখ টাকা জরিমানা করা হয়। একই অভিযানে হাসপাতালসংলগ্ন খান ব্রাদার্স পেট্রোল পাম্পকে আরও দুই লাখ টাকা জরিমানা করা হয়।
বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় চউকের অথরাইজড অফিসার-১ ও স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা আদায় করেন।
চউক সূত্রে জানা গেছে, নগরের মেহেদীবাগ থেকে প্রবর্তক হয়ে মির্জাপোল পর্যন্ত হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকেন্দ্রিক যানজট কমাতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে পার্কিং ব্যবস্থার উন্নয়নে নির্দেশনা দেওয়া হয়।
গত ৬ আগস্ট ইবনে সিনা হাসপাতাল পরিদর্শন করে পার্কিং ব্যবস্থায় পরিবর্তনের নির্দেশনা দিয়েছিলেন চউকের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন। পরবর্তীতে গত ১০ সেপ্টেম্বর ২৬টি হাসপাতালের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভাও করা হয়। তবে দুই মাসের বেশি সময় পার হলেও ইবনে সিনার পার্কিং ব্যবস্থায় দৃশ্যমান কোনো পরিবর্তন আসেনি।
এরই ধারাবাহিকতায় গত ১৩ অক্টোবর চউক চেয়ারম্যান পুনরায় হাসপাতালটি পরিদর্শন করেন এবং পরিস্থিতির উন্নতি না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন। পরদিনই পরিচালিত অভিযানে এই কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হয়।
এ বিষয়ে চউকের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, “আইন সবার জন্য সমান। চিকিৎসা নিতে এসে রোগী ও সাধারণ মানুষ যেন পার্কিং সমস্যার কারণে যানজটে না পড়েন, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। বারবার সতর্ক করার পরও যেসব প্রতিষ্ঠান নির্দেশনা মানছে না, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে।”