রাজধানীর ডেমরা থানাধীন বামৈল এলাকায় অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তুলা মিয়া (৪৫) নামে এক চালকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে বামৈল এলাকার একটি রিকশার গ্যারেজে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে বিকেল ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত তুলা মিয়া শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার শহর আলীর ছেলে। তিনি পরিবার নিয়ে ডেমরার বামৈল এলাকায় ভাড়া বাসায় থাকতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
নিহতের ছেলে রুবেল জানান, “বাবা ও আমি দুজনেই অটোরিকশা চালাই। দুপুরে গ্যারেজে অটোরিকশার ব্যাটারিতে চার্জ দেওয়ার সময় অসাবধানতাবশত বাবা বিদ্যুৎস্পৃষ্ট হন। খবর পেয়ে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে আসি, কিন্তু শেষ পর্যন্ত বাবাকে বাঁচানো গেল না।”
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।