সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হজরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করার অভিযোগে ইরানে ২৩ বছর বয়সী এক তরুণীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। চলতি বছরের জানুয়ারি মাসে সরকারবিরোধী আন্দোলনের সময় তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

পরবর্তীতে মহানবীকে কটূক্তি করার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দেন। পাশাপাশি আলাদা আরেকটি অভিযোগে তাকে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত ওই তরুণীর নাম নাজমিহ আমিন। তিনি ইরানের উত্তর-পূর্বাঞ্চলের মাশহাদ শহরের বাসিন্দা। বর্তমানে তিনি মাশহাদের ভাকিলাবাদ কারাগারে বন্দি রয়েছেন।

একটি সূত্র জানায়, গত ৩১ জানুয়ারি মাশহাদের ফেরদৌসি শপিং সেন্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে আরেকটি সূত্রে দাবি করা হয়েছে, তাকে ৩ ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয়েছিল।

শুরুতে নাজমিহের পরিবার ভেবেছিল, সরকারবিরোধী আন্দোলন নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করার কারণেই তাকে আটক করা হয়েছে। তবে পরবর্তীতে তার বিরুদ্ধে দুটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়, যার মধ্যে একটি হলো মহানবীকে নিয়ে কটূক্তি করা। ইরানে এই অপরাধের আইনগত শাস্তি মৃত্যুদণ্ড। তবে তিনি এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন।

মানবাধিকার সংস্থা ‘ইরান হিউম্যান রাইটস’-এর তথ্য অনুযায়ী, খোরাসান রাজাভি প্রদেশের অপরাধ আদালতের ব্রাঞ্চ-৬ এ তার বিচারকার্য পরিচালিত হয়। আদালতে নাজমিহ দাবি করেন, তিনি মহানবীকে নিয়ে ইচ্ছাকৃতভাবে কোনো কটূক্তি করেননি। স্থানীয় সংবাদমাধ্যম ‘খোরাসান’ জানিয়েছে, নাজমিহ আদালতকে জানান যে বন্ধুদের সঙ্গে এক ধরনের মাদক সেবনের পর তিনি ভুলবশত সামাজিক মাধ্যমে ওই মন্তব্য লিখেছিলেন। তার আইনজীবীরাও দাবি করেন যে তিনি ‘মুখ ফসকে’ বা ভুলবশত এমন মন্তব্য করেছেন। তবে আদালত এই যুক্তিগুলো নাকচ করে দেন।

(সূত্র: দ্য গার্ডিয়ান)